চট্টগ্রাম, জুলাই ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর চাক্তাই খাল পাড় ও আলকরণ রোডের বাটাগলি থেকে সোমবার সন্ধ্যায় দুই হাজার ইয়াবা ট্যাবলেটসহ আটজনকে গ্রেপ্তার করেছেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা। এদের মধ্যে তিনজন নারীসহ চারজন মিয়ানমারের নাগরিক বলে কর্মকর্তারা জানিয়েছেন।
আটককৃতরা হলেন- মমতাজ হোসেন, আবু হেনা, নুর হোসেন, আহসানুর রশীদ, আঞ্জু, ফরিদা ও মুকিমা। এদের মধ্যে মমতাজ হোসেন, আঞ্জু, ফরিদা ও মুকিমা মিয়ানমারের নাগরিক। আটক অপর একজনের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মেট্রো জোনের পরিদর্শক ওসমান কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অধিদপ্তরের একটি দল বিকাল সাড়ে চারটার দিকে চাক্তাই খালের পাড় থেকে চারশ ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করে।
তাদের স্বীকারোক্তি অনুযায়ী সন্ধ্যায় নগরীর আলকরণ রোডের বাটাগলিতে নুর হোসেনের বাসা থেকে আরও ১৬শ' ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি জানান, গ্রেপ্তারকৃতরা ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত একটি সংঘবদ্ধ চক্রের সদস্য। ইয়াবা বিক্রির জন্য মিয়ানমারের ওই চারজন কক্সবাজার থেকে রোববার চট্টগ্রাম নগরীতে আসে। তারা নিজেদের রোহিঙ্গা বলে জিজ্ঞাসাবাদের জানিয়েছে।
জিজ্ঞাসাবাদ শেষে এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ওসমান কবির।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এমএসবি/২১৪৬ ঘ.
bdnews24