ঢাকা, জুলাই ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অভাবের কারণে চিকিৎসার ওষুধ যোগাড়ে ব্যর্থ রাজধানীর অসুস্থ এক রিকশাচালক নজরুল ইসলাম (৪৫) গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন।
কামরাঙ্গীরচরের মুন্সিরহাটের ভাড়াবাড়ি থেকে সোমবার পুলিশ লাশ উদ্ধার করে। নজরুল ইসলামের গ্রামের বাড়ি রংপুরের পীরগাছা উপজেলার বিলপাড়ায়।
কামরাঙ্গীরচর থানার উপ পরিদর্শক আলতাফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নজরুল বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। তিনি নিয়মিত কাজে যেতে পারছিলেন না। টাকার অভাবে ওষুধ কেনাও সম্ভব হচ্ছিল না।
রোববার স্ত্রীকে ওষুধ কিনে আনতে বলেন নজরুল। কিন্তু স্ত্রী ওষুধ আনতে ব্যর্থ হলে রাতে তাকে মারধর করে বাসা থেকে বের করে দেন। সোমবার সকালে ঘরে নজরুলের ঝুলন্ত লাশ দেখতে পায় এলাকাবাসী।
আমাদের মিটফোর্ড হাসপাতাল প্রতিনিধি জানান, প্রাথমিক অনুসন্ধান প্রতিবেদনে পুলিশ বলেছে, কয়েকদিন ধরেই পেটের ব্যথায় ভুগছিলেন নজরুল। ঠিকমতো কাজে যেতে না পারায় অর্থের অভাবে তার চিকিৎসাও হচ্ছিল না। এ হতাশা থেকে গলায় দড়ি দিয়ে তিনি আত্মহত্যা করেন।
উপ পরিদর্শক হাফিজুর রহমান জানান, এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এসএনডি/২১৩৫ ঘ.
bdnews24