চট্টগ্রাম, জুলাই ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সীতাকুণ্ডের কুমিরা স্টেশনে সোমবার সন্ধ্যায় চট্টগ্রামমুখী পাহাড়িকা এক্সপ্রেস একটি তেলবাহী ট্রেনকে ধাক্কা দিলে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।
দুর্ঘটনার কারণে চট্টগ্রামের সঙ্গে দেশের অন্যান্য অংশের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ রয়েছে।
স্থানীয় একজন সাংবাদিক জানান, দুর্ঘটনায় পাহাড়িকার কমপক্ষে ১০ যাত্রী আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের নাম ও পরিচয় জানা যায়নি।
এ দুর্ঘটনার ফলে পাহাড়িকা এক্সপ্রেসের কয়েক হাজার যাত্রী চরম দুর্ভোগে পড়েন। তাদের বিকল্প পথে নগরী ও বিভিন্ন গন্তব্যে ফিরতে হচ্ছে বলে তিনি জানান।
সীতাকুণ্ড থানার উপ-পরিদর্শক মোহাম্মদ খোরশেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সন্ধ্যা সোয়া সাতটার দিকে সিলেট থেকে ছেড়ে আসা পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি কুমিরা স্টেশনে দাঁড়ানো একটি তেলবাহী ট্রেনকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
এতে কয়েকটি ওয়েল ট্যাংকার ছিটকে নিচে পড়ে যায়। তবে পাহাড়িকার গতি কম থাকায় বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে কয়েক হাজার যাত্রী।
রেলওয়ের পূর্ব জোনের উপ-পরিচালক (জনসংযোগ) সফিউদ্দিন আহমদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্টেশনে দাঁড়িয়ে থাকা খালি ওয়েল ট্যাংকারকে ধাক্কা দিলে বেশ কয়েকজন আহত হন। কয়েকটি ওয়েল ট্যাংকার রেল লাইনের উপর ছড়িয়ে ছিটিয়ে পড়ে যাওয়ায় ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।
তিনি জানান, চট্টগ্রাম থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে। ওই স্টেশনের দুটি লাইনের উপর পড়ে যাওয়া ওয়েল ট্যাংকার সরিয়ে না নেওয়া পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ থাকবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এমএসবি/২১৩৫ ঘ.
bdnews24