রিয়াজুল বাশার
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, জুলাই ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--নানা অজুহাতে সরকার-নির্ধারিত ভাড়ার বেশি অর্থ আদায় করা হচ্ছে রাজধানীতে চলাচলকারী বিভিন্ন বাসে। তাৎক্ষণিক জরিমানার মতো শাস্তি দিয়েও এ প্রবণতা বন্ধ করা যাচ্ছে না। যাত্রী হয়রানির পাশাপাশি নানামুখী যুক্তিতর্কে বিষয়টি নিয়ে তৈরি হয়েছে বিভ্রান্তি। আর বিস্ময়কর শোনালেও সত্যি, সরকারি বাস পর্যন্ত একই পথের পথিক।
রাষ্ট্রীয় মালিকানাধীন বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থার (বিআরটিসি) বাসে রাজধানীর কয়েকটি রুটে নির্ধারিত ভাড়ার অতিরিক্ত অর্থ নেওয়া হচ্ছে।
বিআরটিসির দোতলা ভলভো সার্ভিসে শ্যাওড়াপাড়া থেকে প্রেসক্লাব পর্যন্ত আট দশমিক আট কিলোমিটারের জন্য ১০ টাকা ৫৬ পয়সার বদলে ১৬ টাকা, শাহবাগ পর্যন্ত ছয় দশমিক নয় কিলোমিটারের জন্য আট টাকা আঠাশ পয়সার পরিবর্তে ১৬ টাকা এবং ফার্মগেট পর্যন্ত চার দশমিক ছয় কিলোমিটারের জন্য পাঁচ টাকা বায়ান্ন পয়সার পরিবর্তে আট টাকা ভাড়া আদায় করা হচ্ছে।
এদিকে বিআরটিসির ভলভো বাসেই গুলিস্তান থেকে শাহবাগ পর্যন্ত তিন দশমিক তিন কিলোমিটারের জন্য আট টাকা ভাড়া আদায় করা হচ্ছে।
বিআরটিসির দোতলা বাসে রোববার থেকে ভাড়া পুনর্নির্ধারণ করে প্রতি কিলোমিটারের জন্য এক টাকা ২০ পয়সা করা হয়। তবে গত বৃহস্পতিবার থেকেই বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে।
এ ব্যাপারে বিআরটিসির চেয়ারম্যান সাফিজ উদ্দিন আহমেদ সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সরকারি আদেশে আমরা রোববার থেকে প্রতি কিলোমিটারের জন্য ৮৭ পয়সার পরিবর্তে এক টাকা ২০ পয়সা ভাড়া নিচ্ছি। এর বেশি ভাড়া নেওয়ার কথা না।"
এদিকে শহরের মধ্যে বেসরকারি সিএনজিচালিত বাসেও বেশ কয়েকদিন ধরেই অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। এ নিয়ে প্রতিনিয়তই যাত্রীদের সঙ্গে বচসা হচ্ছে পরিবহন কর্মীদের। ক্ষুদ্ধ যাত্রীদের জোর করে বাস বিআরটিএ দপ্তরে নিয়ে যাওয়ার ঘটনা পর্যন্ত ঘটেছে।
রোববার সন্ধ্যায় মীরপুর এক নম্বর থেকে কাজীপাড়া ফেরার জন্য 'ডিসকভারি' ও 'একুশে' পরিবহনের টিকেট কাটতে গিয়ে বিক্রেতার সঙ্গে তার ঝগড়া বেধে যায় যাত্রী আবদুল্লাহ আল মামুনের।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "ডিসকভারি পরিবহনে কাজীপাড়া যাওয়ার জন্য ১৮ টাকা ভাড়া চাচ্ছে। আর একুশে পরিবহন চাচ্ছে ১৬ টাকা। এটা কীভাবে সম্ভব!"
মীরপুর এক নম্বর থেকে কাজীপাড়ার দুরত্ব তিন দশমিক এক কিলোমিটার। এই দুরত্বে সরকার নির্ধারিত ভাড়ার পরিমাণ হয় তিন টাকা ৭২ পয়সা। তবে ন্যুনতম ভাড়ার হিসেবে যাত্রীদের এজন্য সর্বোচ্চ ৫ টাকা দেওয়ার কথা।
শুধু একুশে এবং ডিসকভারি নয়, রাজধানীর বিভিন্ন রুটের বাসের টিকেট কাটতে গিয়ে দেখা গেছে, বেশকিছু বেসরকারি বাস সরকার নির্ধারিত ভাড়া মানছে না।
শ্যাওড়াপাড়া থেকে প্রেসক্লাবের দুরত্ব আট দশমিক সাত কিলোমিটার। আর এই দুরত্বের জন্য সরকার নির্ধারিত ভাড়া ১০ টাকা ৪৪ পয়সা হলেও 'বেস্ট ট্রান্সপোটর্' আদায় করছে ১৬ টাকা। এরা সর্বনিম্ন ভাড়ার বেধে দেওয়া নিয়ম মানছে না। একই ঘটনা ঘটছে পল্লবী থেকে ঢাকেশ্বরী রুটের 'বিকল্প' পরিবহনের ৩৬ নম্বর গাড়িতে। তারা কাজীপাড়া থেকে ধানমন্ডি পর্যন্ত মাত্র পাঁচ কিলোমিটারের জন্য ভাড়া নিচ্ছে ১৫ টাকা। অথচ এই দুরত্বের জন্য নির্ধারিত ভাড়া ছয় টাকা।
এদিকে 'রাজধানী এক্সপ্রেস' ও 'মেগাসিটি' পরিবহন সর্বনিম্ন ভাড়া আদায় করছে আট টাকা। তারা বঙ্গবন্ধু স্টেডিয়াম থেকে প্রেসক্লাব পর্যন্ত এক দশমিক চার কিলোমিটার রাস্তার জন্যও একই ভাড়া নিচ্ছে।
সরকার নির্ধারিত ভাড়া না মানার ব্যাপারে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান সুনীল কান্তি বোস সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সরকার ভাড়া নির্ধারণ করে দিয়েছে। এখন বাস মালিকরা কেন মানছে না সেটা তারাই বলতে পারবে। যারা অতিরিক্ত ভাড়া আদায় করছে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি।"
সিএনজি বাস মালিকদের অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে বিআরটিএর চারটি বিশেষ টিম এবং একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালাচ্ছে।
১৭ জুন থেকে শুরু হওয়া অভিযানে ৩০ জুন পর্যন্ত অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ৫৮৬ টি মামলা দায়ের এবং স্বকল্প, পাঞ্জেরী, মধুমতি, মেগাসিটি, শতাব্দীসহ বিভিন্ন পরিবহনের ৩২টি গাড়ি আটক করা হয়। এছাড়া একুশে, ডিসকভারি ও কর্ণফুলি পরিবহনের আটটি গাড়ির রুট পারমিট বাতিলেরও সুপারিশ করা হয়েছে। ওই সময়ে সাড়ে সাত লাখ টাকারও বেশি জরিমানা করা হয়।
এরপর বিশেষ অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান আরো ১৫ দিনের জন্য বাড়ানো হয়েছে। ৩০ জুনের পর থেকে বিশেষ অভিযান টিম এবং ভ্রাম্যমাণ আদালত ১১৬ টি মামলা, প্রায় এক লাখ ১৯ হাজার টাকা জরিমানা এবং চারটি গাড়ি আটক করেছে।
অভিযানের পরও বাড়তি ভাড়া আদায় বন্ধ হচ্ছে না কেন এ প্রশ্নের উত্তরে বিআরটিএ চেয়ারম্যান শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ায় অতিরিক্ত ভাড়া আদায় 'কিছুটা কমেছে' বলে মন্তব্য করেন। তিনি বলেন, "এখন স্টপেজগুলোতেও ভাড়ার তালিকা টানিয়ে দেওয়া হচ্ছে। তবে অতিরিক্ত ভাড়া বন্ধ না হওয়া পর্যন্ত আমরা অভিযান চালিয়ে যাবো।"
এদিকে অতিরিক্ত ভাড়া আদায় সম্পর্কে জানতে চাওয়া হলে মালিকদের সংগঠন অ্যাসোসিশেন অব বাস কোম্পানিজ
bdnews24