২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে ছিনতাইকারীর ছুরিতে এক ব্যক্তি নিহত

রাজধানীর ক্ষিলক্ষেতে সোমবার ছিনতাইকারীর ছুরিতে বিল্লাল হোসেন (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। তিনি ঢাকা ক্যান্টনমেন্টের সিভিল বিভাগের প্রকৌশল শাখায় কর্মরত ছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2008, 11:36 AM

Updated : 26 Aug 2022, 02:05 PM

ঢাকা, জুলাই ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর ক্ষিলক্ষেতে সোমবার ছিনতাইকারীর ছুরিতে বিল্লাল হোসেন (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। তিনি ঢাকা ক্যান্টনমেন্টের সিভিল বিভাগের প্রকৌশল শাখায় কর্মরত ছিলেন। একই ঘটনায় গুরুতর আহত তার সহকর্মী আব্দুল লতীফকে (৪২) আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত বিল্লালের বাড়ি বরিশালের মেহেদীগঞ্জ থানার আজমপুর গ্রামে। বাবার নাম ফজল করিম। বিমানবন্দর থানার উপ-পরিদর্শক কামরুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আব্দুল লতীফের ছেলে রোববার রাতে ওমান থেকে ঢাকায় আসে। ছেলেকে আনতে লতীফ সহকর্মী বিল্লালকে নিয়ে রোববার রাত ৩টার দিকে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে বনানী স্টাফরোডে আসেন। এ সময় একটি সিএনজি অটোরিক্সায় করে দুই যুবক সেখানে থামে। অটোরিক্সা চালক বিমানবন্দরে যাওয়ার কথা বলে তাদের দুজনকেও তুলে নিয়ে রওনা হয়। লতীফের বরাত দিয়ে উপ-পরিদর্শক কামরুল জানান, অটোরিক্সা চলতে শুরু করার পর দুই যুবক চাকু ও চাপাতি বের করে লতীফ ও বিল্লালকে জিম্মি করে ফেলে। এরপর অটোরিক্সাটি বিমানবন্দরের গোলচত্বর থেকে ঘুরিয়ে আবার বনানীর দিকে রওনা হয় তারা। অটোরিক্সার ভেতরেই তাদের মোবাইল ফোন ও নগদ টাকা পয়সা ছিনিয়ে নেয় দুই ছিনতাইকারী। এ সময় ধস্তাধস্তি শুরু হলে লতীফের বুকে ও পেটে এবং বিল্লালের গলায় চাকু মেরে ক্ষিলক্ষেতের মুনমুন কাবাবঘরের সামনে তাদের ধাক্কা দিয়ে ফেলে দিয়ে পালিয়ে যায় তারা। পরে খবর পেয়ে পুলিশ লতীফ ও বিল্লালকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জানান, বিল্লাল মারা গেছেন। লতীফ হাসপাতালের ৩২ নাম্বার ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএস/জেকে/১৭৩০ ঘ.