কিশোরগঞ্জ, জুলাই ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভৈরবে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় সোমবার সকাল ৮টা থেকে ঢাকার সঙ্গে সিলেট ও চট্টগ্রামের রেল যোগাযোগ তিন ঘণ্টা বন্ধ ছিল।
ঢাকা থেকে উদ্ধারকারী ট্রেন এসে লাইনচ্যুত বগিটি সরানোর পর সকাল ১১টার দিকে রেল যোগাযোগ আবার স্বাভাবিক হয়।
ভৈরব রেলওয়ে স্টেশনের মাস্টার নুরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মালবাহী ট্রেনটি চট্টগ্রাম থেকে ময়মনসিংহ যাচ্ছিল। সকাল ৮টার দিকে ভৈরব রেল স্টেশনের আউটার সিগনালের কাছে আসার পর এর একটি বগি লাইনচ্যুত হয়। দুর্ঘটনার কারণে ভৈরব হয়ে ঢাকার সঙ্গে ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রামের ট্রেন চলাচল তিন ঘণ্টা বন্ধ থাকে।
তিনি বলেন, লাইনের অবস্থা খারাপ থাকায় এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমএসবি/১৬৪৪ ঘ.
bdnews24