বরিশাল, জুলাই ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে সোমবার চার সাধারণ কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। স্থগিত করা হয়েছে একজনের মনোনয়নপত্র।
মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের দ্বিতীয় দিন সোমবার মহানগর শ্রমিক লীগের আহ্বায়ক আফতাব হোসেন, জেলা যুবলীগের সদস্য সাঈদুর রহমান জাকির, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক জগলুল হায়দার শাহীন ও মোফাজ্জেল হোসেনের মনোনয়নপত্র বাতিল করা হয়।
উপ-নির্বাচন কমিশনার মনিরুল ইসলাম বলেন, "ঋণ খেলাপী হওয়ার কারণে চার সাধারণ কাউন্সিলরের মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয়েছে।"
এছাড়া সোমবার নগরীর ১৬ নম্বর ওয়ার্ড কমিশনার মোশারেফ আলী খান বাদশার মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে।
টিঅ্যান্ডটি বিভাগের রাজস্ব ফাঁকি ও অবৈধ সংযোগের ঘটনায় দায়েরকৃত একটি মামলায় তার বিরুদ্ধে জরুরি আইনে আদালত কারাদণ্ডাদেশ দিয়েছে বলে প্রতিপক্ষ একটি গ্র"প তার বিরুদ্ধে অভিযোগ করলে উপ-নির্বাচন কমিশনার তার মনোনয়ন স্থগিত করে।
স্থগিতাদেশের ব্যাপারে দুপুর ৩টা পর্যন্ত শুনানি চলছিল।
এ নিয়ে গত দু'দিনে সাধারণ কাউন্সিলর পদে ১০ জন ও সংরক্ষিত মহিলা আসনে একজনের মনোনয়ন বাতিল এবং এক জনের মনোনয়ন স্থগিত ঘোষণা করা হল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমএ/১৬২০ ঘ.
bdnews24