২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বরাদ্দ খরচে ট্রাস্ট গঠন হচ্ছে

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলার পদক্ষেপ নিতে বাজেটে বরাদ্দ তিনশ কোটি টাকা ব্যবহারের জন্য একটি ফাউন্ডেশন অথবা ট্রাস্ট গঠন করবে সরকার। শিগগিরই তা গঠনের প্রক্রিয়া শুরু হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2008, 10:12 AM

Updated : 26 Aug 2022, 02:05 PM

ঢাকা, জুলাই ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলার পদক্ষেপ নিতে বাজেটে বরাদ্দ তিনশ কোটি টাকা ব্যবহারের জন্য একটি ফাউন্ডেশন অথবা ট্রাস্ট গঠন করবে সরকার। শিগগিরই তা গঠনের প্রক্রিয়া শুরু হবে। জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে দেশকে রক্ষায় বাজেটে বরাদ্দ টাকার ব্যবহার সংক্রান্ত এক সভা শেষে সোমবার সাংবাদিকদের এ তথ্য জানান অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম। তিনি বলেন, নবগঠিত প্রতিষ্ঠানটি টাকার ব্যবহারের ক্ষেত্র ও খরচের প্রক্রিয়া নিশ্চিতের জন্য নীতিমালা প্রণয়ন করবে। মির্জ্জা আজিজুল ইসলামের সভাপতিত্বে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় অর্থ সচিব ড. মোহাম্মদ তারেক, খাদ্য সচিব মোল্লা ওয়াহেদুজ্জামান, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব আমিনুল ইসলাম ভূইয়াসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অর্থ উপদেষ্টা জানান, বাজেটে বরাদ্দ ৩০০ কোটি টাকা খরচে গঠিত কমিটিতে বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিরা থাকবেন। বোর্ড অব ট্রাস্টি বসে একটি নীতিমালা প্রণয়ন করবে। তবে বোর্ড অব ট্রাস্টি এক বছরে এই বরাদ্দের দুই-তৃতীয়াংশের বেশি ব্যয় করতে পারবে না। বাকি টাকা একটি হিসাবে সংরক্ষিত থাকবে। এর লভ্যাংশও বোর্ড অব ট্রাস্টির হিসাবে জমা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসএনডি/এমএ/১৬০৪ ঘ.