২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাইকো দুর্নীতি মামলার বৈধতা নিয়ে হাইকোর্টে খালেদার রিট

নাইকো দুর্নীতি মামলা দায়ের ও এর কার্যক্রমের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট আবেদন দায়ের করেছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2008, 08:26 AM

Updated : 26 Aug 2022, 02:05 PM

ঢাকা, জুলাই, ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাইকো দুর্নীতি মামলা দায়ের ও এর কার্যক্রমের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট আবেদন দায়ের করেছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। সোমবার বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মাশুক হোসেন আহমেদের হাইকোর্ট বেঞ্চে খালেদার পক্ষে তার পাওয়ার অব অ্যাটর্নি ব্যারিস্টার কায়সার কামাল রিট আবেদনটি দায়ের করেন। মঙ্গলবার রিটটির ওপর শুনানি হবে। খালেদার পক্ষে রিটটির ওপর শুনানি করবেন ব্যারিস্টার রফিকুল ইসলাম মিঞা। রিটে মামলা বাতিলের আবেদনের পাশাপাশি প্রাথমিকভাবে এ মামলার নিম্ন আদালতের কার্যক্রমের ওপর স্থগিতাদেশেরও আবেদন করা হয়েছে। মামলাটি দায়ের ও এর কার্যক্রম চালিয়ে নেওয়াকে কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না- সরকারের প্রতি তার রুলনিশি জারিরও আবেদন জানানো হয়েছে এতে। দুর্র্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান, দুই কমিশনার, ঢাকার জেলা প্রশাসক ও ঢাকার বিশেষ জজ আদালত নং-৯ রিটটিতে বিবাদী করা হয়েছে। রিট আবেদনে বলা হয়েছে, খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালে রুলস অব বিজনেস অনুযায়ী কাজ করেছেন। তিনি আইন ও বিধি মোতাবেক বাপেক্সকে তিনটি পরিত্যক্ত গ্যাস ফিল্ড বিষয়ে পদক্ষেপ নিতে বলেছিলেন। কিন্তু উদ্দেশ্য প্রণোদিতভাবে ও হয়রানির উদ্দেশ্যে খালেদা জিয়ার বিরুদ্ধে এ মামলাটি দায়ের করা হয়েছে। এতে আরও বলা হয়, রুলস অব বিজনেস চ্যালেঞ্জ করার এখতিয়ার দুদকের নেই। তাই খালেদা জিয়ার বিরুদ্ধে এ মামলাটি হতে পারে না। জরিপ করে ছাতক, ফেনী ও কামতা গ্যাসফিল্ড প্রান্তিক ও পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে বলেও রিট আবেদনে বলা হয়েছে। সরকার পরিত্যক্ত এই তিনটি গ্যাস ফিল্ডকে বাণিজ্যিকভাবে লাভজনক করার জন্য নাইকোকে দিয়েছে, জ্বালানি মন্ত্রণালয় নথি খুলেছে এবং খালেদা জিয়া কেবল অনুমোদন দিয়েছেন। এর আগে গত ২৭ মে নাইকো দুর্নীতি মামলাটি বাতিলের জন্য বেগম খালেদা জিয়ার দায়ের করা আবেদন উত্থাপিত হয়নি বলে খারিজ করে দিয়েছিল হাইকোর্ট। গত ৫ মে এ মাামলায় খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ পত্র দায়ের করে দুর্নীতি দমন কমিশন। অভিযোগপত্রে প্রায় ১৩ হাজার ৭শ' ৭৭ কোটি টাকা টাকার রাষ্ট্রীয় ক্ষতির অভিযোগ আনা হয়। ২০০৭ সালের ৯ ডিসেম্বর দুদকের সহকারী পরিচালক মুহম্মদ মাহবুবুল আলম তেজগাঁও থানায় বেগম খালেদা জিয়াসহ ৫ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। মামলার এজাহারে কানাডীয় কোম্পানি নাইকোর সঙ্গে তেল গ্যাস অনুসন্ধান চুক্তি সম্পাদনের মাধ্যমে রাষ্ট্রের ১০ হাজার কোটি টাকা ক্ষতির অভিযোগ আনা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এএল/এমএ/১৪২০ ঘ.