ঢাকা, জুলাই ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ষষ্ঠ ডি-৮ শীর্ষ সম্মলনে যোগ দিতে সোমবার সকালে মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ।
জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরের প্রধান নিরাপত্তা কর্মকর্তা মো. নুরুল ইসলাম সোমবার সকালে টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "প্রধান উপদেষ্টাকে নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনস এর একটি উড়োজাহাজ আজ সকাল ১০ টা ৪৫ মিনিটে কুয়ালালামপুরের উদ্দেশে ঢাকা ছেড়ে গেছে।"
প্রধান উপদেষ্টার সফর সঙ্গী ও তার প্রেস সচিব সৈয়দ ফাহিম মুনয়েম রোববার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার মালয়শিয়ার রাজধানী কুয়ালালামপুরে অনুষ্ঠেয় এ সম্মেলনে প্রধান উপদেষ্টা বাংলাদেশের ২১ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন।
তিনি আরো জানান, নির্ধারিত কর্মসূচী অনুযায়ী সোমবার পাকিস্তান ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এবং ইরানের প্রেসিডেন্টের সঙ্গে প্রধান উপদেষ্টার আলাদা বৈঠকের কথা। এছাড়া রাতে মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশীদের সঙ্গেও প্রধান উপদেষ্টার একটি বৈঠক হবে। ৮ জুলাই সম্মেলনে বক্তৃতা দেবেন তিনি।
সম্মেলন শেষে আগামী মঙ্গলবার রাত সাড়ে ১১ টায় প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে বলে জানান সৈয়দ ফাহিম মুনয়েম।
প্রেস সচিব আরো জানান, সম্মেলনে যোগ দেওয়ার জন্য পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমদ চৌধুরী ইতোমধ্যে কুয়ালালামপুর পৌঁছেছেন। মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ডি আর রাইস ইয়াতিমের সঙ্গে বৈঠকও করেছেন তিনি।
তিনি জানান, এবারের সম্মেলনে প্রতিপাদ্য হচ্ছে - "মিটিং চ্যালেঞ্জেস ইনোভেটিভ কো অপারেশন বা উদ্ভাবনী সহযোগিতার মাধ্যমে চ্যালেঞ্জ মোকাবিলা।"
অর্থনৈতিক সহযোগিতা বিষয়ক ১০ বছর মেয়াদী ডি- ৮ রোডম্যাপ এবারের সম্মেলন থেকে ঘোষণা হতে পারে বলেও জানান সৈয়দ ফাহিম মুনয়েম।
রোববার এক তথ্যবিবরণীতে জানানো হয়, বাংলাদেশের তিনটি প্রস্তাব ডি-৮ সম্মেলনের খসড়া ঘোষণাপত্রে স্থান পেয়েছে।
এসব প্রস্তাবের মধ্যে রয়েছে অভিবাসী শ্রমিকের অধিকার সংরক্ষণ, ডি-৮ জোটভুক্ত দেশসহ সব দেশের জন্য জলবায়ু পরিবর্তনকে একটি বড় হুমকি হিসেবে স্বীকৃতি দান এবং একটি 'ফুড ব্যাংক' প্রতিষ্ঠা।
৮ জুলাই অনুষ্ঠেয় শীর্ষ সম্মেলন শেষে এ ঘোষণাপত্র প্রকাশ করা হবে।
আট মুসলিম দেশ- বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান ও তুরস্ককে নিয়ে ১৯৯৭ সালে 'ডি-৮' গঠিত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইএইচবি-এএইচডি/জিএনএ/১১৩০ ঘ.
bdnews24