২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডি-৮ সম্মেলন: প্রধান উপদেষ্টা যাচ্ছেন সোমবার

ডি-৮ সম্মলনে যোগ দিতে সোমবার মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের পথে রওনা হবেন প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2008, 04:29 PM

Updated : 26 Aug 2022, 02:05 PM

ঢাকা, জুলাই ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ডি-৮ সম্মলনে যোগ দিতে সোমবার মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের পথে রওনা হবেন প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ। রোববার প্রধান উপদেষ্টার প্রেস সচিব সৈয়দ ফাহিম মুনয়েম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আগামীকাল (সোমবার) সকাল সাড়ে ১০টায় কুয়ালালামপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন প্রধান উপদেষ্টা। সম্মেলনে ২০ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন তিনি। ফাহিম মুনয়েম জানান, প্রধান উপদেষ্টা আগামী ৮ জুলাই সম্মেলনে বক্তৃতা দেবেন। এছাড়া পাকিস্তান ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এবং ইরানের প্রেসিডেন্টের সঙ্গে তার আলাদা বৈঠকের কথা রয়েছে। সম্মেলন শেষে আগামী বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা। সম্মেলনে যোগ দেওয়ার জন্য পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমদ চৌধুরী ইতোমধ্যে কুয়ালালামপুর পৌঁছেছেন। মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ডি আর রাইস ইয়াতিমের সঙ্গে বৈঠকও করেছেন তিনি। পররাষ্ট্র উপদেষ্টার উদ্ধৃতি দিয়ে রোববার মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, "মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশীদের নিয়ে আমাদের মধ্যে আলোচনা হয়েছে।" দু'দেশের মধ্যে যৌথ অর্থনৈতিক কমিশন আবার সক্রিয় করার বিষয়েও তারা আলোচনা করেছেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। রোববার এক তথ্যবিবরণীতে জানানো হয়, বাংলাদেশের তিনটি প্রস্তাব ডি-৮ সম্মেলনের খসড়া ঘোষণাপত্রে স্থান পেয়েছে। এসব প্রস্তাবের মধ্যে রয়েছে অভিবাসী শ্রমিকের অধিকার সংরক্ষণ, ডি-৮ জোটভুক্ত দেশসহ সব দেশের জন্য জলবায়ু পরিবর্তনকে একটি বড় হুমকি হিসেবে স্বীকৃতি দান এবং একটি 'ফুড ব্যাংক' প্রতিষ্ঠা। ৮ জুলাই অনুষ্ঠেয় শীর্ষ সম্মেলন শেষে এ ঘোষণাপত্র প্রকাশ করা হবে। আট মুসলিম দেশ- বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান ও তুরস্ককে নিয়ে ১৯৯৭ সালে 'ডি-৮' গঠিত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/ইএইচবি/টিএইচ/জেকে/এমএইচবি/২২০০ ঘ.