বরিশাল, জুলাই ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- বরিশালের উজিরপুর উপজেলা সেটেলমেন্ট অফিসে অভিযান চালিয়ে ঘুষ নেওয়ার সময় তিনজনকে হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আটকরা হলেন উপ-সহকারী সেটেলমেন্ট কর্মকর্তা নুরুল ইসলাম জোমাদ্দার (৫৬), পেশকার জাহাঙ্গীর আলম (৪২) ও স্থানীয় দালাল হাসানাত (৩০)।
রোববার বিকেলে দুদকের বিভাগীয় পরিচালক মেজর শাহরিয়ার আমিনের নেতৃত্বাধীন একটি দল এদের আটক করে।
দুদকের বিভাগীয় পরিচালক মেজর শাহরিয়ার আমীন এই ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুদকের ওই দলটি দুপুরে ছদ্মবেশে উজিরপুর সেটেলমন্টে অফিসে অভিযান চালায়।
উজিরপুর উপজেলার ওটরা ইউনিয়নের (ইউপি) সদস্য গোলাম মাওলা জানান, ওই তিন ব্যক্তি তার কাছে ঘুষ দাবি করলে বিষয়টি তিনি দুদককে জানান। গোলাম মাওলার কাছ থেকে তিন হাজার টাকা ঘুষ নেওয়ার সময় তিন জনকে আটক করে দুদক। তাদের পকেট তল্লাশি করে আরও সাড়ে সাত হাজার টাকা উদ্ধার করেন দুদক কর্মকর্তারা।
আটককৃত তিন জনকে দুদকের বিভাগীয় কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দুদকের এক কর্মকর্তা বাদী হয়ে মামলা দায়ের করবেন বলে জানিয়েছেন কর্মকর্তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এসকে/২০৫৫ঘ.
bdnews24