২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেট সিটি : মূল হিসাব শুরু হবে প্রার্থিতা প্রত্যাহারের পর

৪ আগস্ট অনুষ্ঠিতব্য সিলেট সিটি করপোরেশন নির্বাচনে প্রধান দুই দল আওয়ামী লীগ ও বিএনপির উল্লেখযোগ্যসংখ্যক নেতা মনোনয়নপত্র দাখিল করেছেন। প্রার্থীদের সংখ্যাধিক্যের কারণে সৃষ্টি হয়েছে দলীয় টানাপোড়েন আর প্রার্থীদের সমর্থকদের মধ্যে চাপা উত্তেজনা। বিস্তারিত জানাচ্ছেন মুক্তাদীর আহমদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2008, 11:16 AM

Updated : 26 Aug 2022, 02:05 PM

মুক্তাদীর আহমদ, সিলেট প্রতিনিধি সিলেট, জুলাই ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--৪ আগস্ট অনুষ্ঠিতব্য সিলেট সিটি করপোরেশন নির্বাচনে প্রধান দুই দল আওয়ামী লীগ ও বিএনপির উল্লেখযোগ্যসংখ্যক নেতা মনোনয়নপত্র দাখিল করেছেন। প্রার্থীদের সংখ্যাধিক্যের কারণে সৃষ্টি হয়েছে দলীয় টানাপোড়েন আর প্রার্থীদের সমর্থকদের মধ্যে চাপা উত্তেজনা। আওয়ামী লীগ প্রার্থী চূড়ান্ত করতে না পারায় এবং বিএনপি আদৌ নির্বাচনে অংশ নেবে কিনা এ নিয়ে সিদ্ধান্ত না হওয়ায় ভোটের হিসাব-নিকাশ আপাতত থেমে গেছে। প্রার্থিতা প্রত্যাহারের পর শুরু হবে আসল বিচার বিশ্লেষণ। মনোনয়নপত্র দাখিলের দিক থেকে সবচেয়ে এগিয়ে আছে আওয়ামী লীগ। দলীয় প্রার্থিতা নিয়ে এ দলে চলছে নানা টানাপোড়েন, সন্দেহ আর অবিশ্বাস। দলের উপদেষ্টা পরিষদের সদস্য ঝানু নেতা দেওয়ান ফরিদ গাজীকে হঠাৎ করে নির্বাচনী ময়দানে নিয়ে আসায় নতুন করে ভাবতে হচ্ছে নেতা কর্মীদের। সিলেট মহানগর আওয়ামী লীগ সভাপতি ও বর্তমানে দুর্নীতির অভিযোগে আটক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইফতেখার হোসেন শামীম, মহানগর সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান, সাবেক সংসদ সদস্য ইনামুল হক চৌধুরী বীরপ্রতীক, সাবেক পৌরসভা ও উপজেলা চেয়ারম্যান বাবরুল হোসেন বাবুল মনোনয়নপত্র জমা দেওয়ায় দলীয় সমর্থকরা পড়েছেন বিপাকে। অনেকেই মনে করেন একক প্রার্থী না দিতে পারলে বিপুল সম্ভাবনা থাকার পরও আওয়ামী লীগের হাতছাড়া হতে পারে মেয়র পদ। এদিকে বিএনপি কেন্দ্রীয়ভাবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা না দিলেও জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ হক ও সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক নাসিম হোসাইন মনোনয়নপত্র জমা দিয়েছেন। কেন্দ্রীয় সিদ্ধান্তে নাসিম হোসাইনের শেষ পর্যন্ত নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সম্ভাবনা থাকলেও জেলা বিএনপির সাবেক সভাপতি ও গত মেয়র নির্বাচনের নিকটতম প্রতিদ্বন্দ্বী এম এ হক শেষ পর্যন্ত প্রার্থী তালিকায় থাকবেন বলে জানা গেছে। এছাড়া সাবেক বিএনপি নেতা ও সিলেট পৌরসভার সাবেক চেয়ারম্যান আ ফ ম কামাল অ্যাডভোকেট ও এলডিপির প্রেসিডিয়াম সদস্য সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান ও সংসদ সদস্য আব্দুল মুকিত খান, জেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব কুনু মিয়া, মহানগর জাতীয় পার্টির সহ সভাপতি আব্দুস সামাদ নজরুল, সিলেট জেলা জাসদের (জিকু) সাধারণ সম্পাদক সৈয়দ হাবিবুর রহমান হিরণ, লিবারেল পার্টির নেতা কুতুব উদ্দিন আহমদ, খেলাফত মজলিস নেতা আলহাজ্ব মাওলানা সিরাজুল ইসলাম, খেলাফত মজলিস (ইসহাক-কাদের) এর সিলেট জেলার সহ-সভাপতি সৈয়দ মুহিবুর রহমান, বিকল্পধারার কেন্দ্রীয় নেতা ড. কাজী কামাল আহমদ, পিডিপি'র সিলেট মহানগর আহবায়ক সৈয়দ আলী আফসার শেষ পর্যন্ত ভোটের ময়দানে থাকলেও দু একজন ছাড়া কেউই ভোটের লড়াইয়ে প্রভাব বিস্তার করতে পারবেন না বলেই পর্যবেক্ষকরা মনে করেন। সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মোট ভোটার ২ লাখ ৫৬ হাজার ২৩৭ জন। গত সিটি নির্বাচনে ভোটার সংখ্যা ছিল ১ লাখ ৮২ হাজার। আগামী ২১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিলেও শেষ পর্যন্ত প্রার্থী তালিকা ছোট হয়ে আসবে বলেই মনে করা হচ্ছে। আওয়ামী লীগের দলীয় সূত্রে জানা যায়, মেয়র ও দলের সিলেট মহানগর সভাপতি বদর উদ্দিন কামরান দুর্নীতির মামলায় কারাগারে থাকায় শেষ পর্যন্ত তার প্রার্থিতা বহাল থাকবে কিনা এই অনিশ্চয়তায় আওয়ামী লীগের প্রার্থী তালিকা দীর্ঘ হয়েছে। দলের একটি সূত্র জানায়, মেয়রের অবর্তমানে আওয়ামী লীগের বেশ কয়েকজন দায়িত্বশীল নেতা প্রার্থিতা ঘোষণা করায় কোন্দল এড়াতেই ভোটের মাঠে নামানো হয়েছে প্রবীণ রাজনীতিবিদ দেওয়ান ফরিদ গাজীকে। মনোনয়নপত্র প্রত্যাহারের পর আওয়ামী লীগ একক প্রার্থী নিয়েই মাঠে নামবে। দুর্নীতি দমন কমিশন শীঘ্রই মেয়র কামরানের বিরুদ্ধে অভিযোগপত্র দেবে এ আশঙ্কায় অনেকেই মনে করেন শেষ পর্যন্ত দলীয় প্রার্থী হয়ে বিজয়ী হবার পরও কামরানের সাজা হলে মেয়র পদ হারাতে হবে আওয়ামী লীগকে। এ জন্য কেন্দ্রীয় আওয়ামী লীগের ইশারায় ঐক্যমতের প্রার্থী করতে দেওয়ান ফরিদ গাজীকে মাঠে নামানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সঙ্গে আলাপকালে দেওয়ান ফরিদ গাজীও এমন ইঙ্গিত দিলেন। তিনি বলেন, "স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের চাপে মনোনয়নপত্র দাখিল করেছি। আওয়ামী লীগ বড় দল। দল থেকে একাধিক প্রার্থী থাকা স্বাভাবিক। একক প্রার্থী করার সুযোগ তো এখনও শেষ হয়নি।" তবে দলীয় অনেকের সঙ্গে আলাপ করে জানা যায়, সকল প্রার্থীকে সন্তুষ্ট করে একক প্রার্থী না দিতে পারলে আওয়ামী লীগকে মেয়র পদ হারাতে হতে পারে। সিলেটের ভোটের রাজনীতিতে অন্যতম 'ফ্যাক্টর' হিসেবে পরিচিত আ ফ ম কামাল স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেও শেষ পর্যন্ত তিনি বিএনপি ঘরানার প্রার্থী হতে পারেন। ২০০৩ সালের ২০ মার্চ অনুষ্ঠিত সিলেট সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির বিদ্রোহী প্রার্থী হিসেবে তিনি প্রায় ১৫ হাজার ভোট পেয়েছিলেন। সিলেট জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য, এলডিপির প্রেসিডিয়াম সদস্য আব্দুল মুকিত খান মেয়র নির্বাচনে গুরুত্বপূর্ণ প্রার্থী হলেও বর্তমানে ভোটের রাজনীতিতে কতটুকু সুবিধা করতে পারবেন এ নিয়ে সংশয় রয়েছে। সব মিলিয়ে প্রার্থিতা প্রত্যাহারের আগে পরিস্কার হচ্ছে না শেষ পর্যন্ত সিলেট সিটি করপোরেশন নির্বাচনের চূড়ান্ত লড়াইয়ে কারা থাকবেন। স