২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাসিমের মস্তিষ্কে পুনঃরক্তক্ষরণের চিহ্ন পাওয়া গেছে: চিকিৎসক

হাসপাতালে চিকিৎসাধীন কারাবন্দি আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিমের মস্তিষ্কে পুনরায় রক্তক্ষরণের চিহ্ন পাওয়া গেছে। শনিবার সকালে এমআরআই পরীক্ষায় বিষয়টি নিশ্চিত হওয়া গেছে বলে জানিয়েছেন ল্যাবএইড বিশেষায়িত হাসপাতালের চিকিৎসা সেবা বিভাগের প্রধান অবসরপ্রাপ্ত মেজর ডা. এ কে এম মাহবুবুল হক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2008, 02:40 PM

Updated : 26 Aug 2022, 02:04 PM

ঢাকা, জুলাই ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হাসপাতালে চিকিৎসাধীন কারাবন্দি আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিমের মস্তিষ্কে পুনরায় রক্তক্ষরণের চিহ্ন পাওয়া গেছে। শনিবার সকালে এমআরআই পরীক্ষায় বিষয়টি নিশ্চিত হওয়া গেছে বলে জানিয়েছেন ল্যাবএইড বিশেষায়িত হাসপাতালের চিকিৎসা সেবা বিভাগের প্রধান অবসরপ্রাপ্ত মেজর ডা. এ কে এম মাহবুবুল হক। শনিবার বিকেলে হাসপাতালে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। মাহবুবুল হক বলেন, "মোহম্মদ নাসিমের অবস্থা ক্লিনিকালি স্ট্যাবল। তবে তার মস্তিষ্কে পুনরায় রক্তক্ষরণ হয়েছে। বাইরে থেকে এর কোনো লক্ষণ বোঝা না গেলেও সকালে এমআরআই পরীক্ষায় রক্তক্ষরণের চিহ্ন পাওয়া গেছে।" সপ্তাহে একদিন নাসিমের এমআরআই পরীক্ষা করা হয় বলে জানান তিনি। মাহবুবুল হক বলেন, "তিনি (নাসিম) এখন ভাল আছেন। তবে তাকে আরও কিছুদিন নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে।" মোহম্মদ নাসিম এখন শঙ্কামুক্ত কি না- এ প্রশ্নের জবাবে মাহবুবুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এ ধরনের রোগীর আশঙ্কা থেকেই যায়।" গত ২৪ জুন গাজীপুরের কাশিমপুর কারাগারে অসুস্থ হয়ে পড়লে মোহম্মদ নাসিমকে ওইদিনই রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে তার শরীরের বাঁ পাশ অবশ হয়ে যায়। হাসপাতালে সাত সদস্যের মেডিকেল বোর্ড তাকে চিকিৎসা দিচ্ছেন। সাবেক স্বরাষ্ট্র, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য মোহাম্মদ নাসিমকে দুর্নীতির অভিযোগে গত বছর ৪ ফেব্র"য়ারি গ্রেপ্তার করা হয়। সম্পত্তির তথ্য গোপন ও অবৈধ সম্পদের মালিক হওয়ার দায়ে আদালত তাকে ১৩ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/কিউএইচ/ জেকে/এমএ/২০৩৫ ঘ.