মানিকগঞ্জ, জুলাই ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্থানীয় সরকার নির্বাচনে কোন প্রার্থী দলীয় পরিচয় দিলে তার প্রার্থিতা বাতিল করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন।
তিনি বলেন, "এটা দলীয় নির্বাচন নয়। এরপরও এই নির্বাচন ঘিরে দলীয় কথাবার্তা চলছে। কোনো প্রার্থী প্রতীক বরাদ্দের পর দলীয় পরিচয় দিতে পারবেন না। দিলে তার প্রার্থীতা বাতিল হয়ে যাবে।"
শনিবার সকালে মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজ মিলনায়তনে রিটার্নিং, সহকারী রিটার্নিং কর্মকর্তা এবং নির্বাচনে প্রার্থীদের সঙ্গে এক মতবিনিময় সভায় নির্বাচন কমিশনার এ কথা বলেন।
তিনি বলেন, "স্থানীয় সরকার নির্বাচনে কোনো দল অংশগ্রহণ করল কি করল না তাতে কিছুই যায় আসে না। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হওয়া নিয়ে বিতর্ক রয়েছে। কিন্তু আমরা সংবিধান অনুযায়ীই স্থানীয় সরকার নির্বাচন করছি।"
এবারের নির্বাচনে ভোট কেন্দ্র দখল, জাল ভোট প্রদান, কালো টাকার ব্যবহার প্রভৃতি অপসংস্কৃতি কঠোর হাতে দমন করা হবে বলে জানান তিনি।
নির্বাচন কমিশন নির্দলীয়, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিয়েছে উল্লেখ করে তিনি বলেন, "প্রার্থীর এজেন্টের উপস্থিতিতেই কেন্দ্রে ভোট গণনা করে ফলাফল প্রকাশ করা হবে। ফলাফল ঘোষণার পর প্রিজাইডিং অফিসারের স্বাক্ষর করা ফলাফলের কপি এজেন্টদের হাতে সরবরাহ করতে হবে।"
সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য স্থানীয় প্রশাসনসহ মাঠ পর্যায়ে যারা থাকবেন তাদের সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
মানিকগঞ্জের জেলা প্রশাসক আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় রিটার্নিং অফিসারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সালাউদ্দিন চৌধুরী এবং পুলিশ সুপার শেখ মোহাম্মদ মারুফ হাসান বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২০৩১ ঘ.
bdnews24