২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দু-তিন দিন কমতে পারে বৃষ্টি, বন্যার আশঙ্কাও আপাতত নেই

মৌসুমী বায়ুর সক্রিয়তা কিছুটা কমায় আগামী দুই-তিনদিন সারাদেশে বৃষ্টির পরিমাণ কমতে পারে। আবহাওয়া অধিদপ্তর বলেছে, খানিকটা বিরতি দিয়ে শিগগিরই আবার সক্রিয় হতে পারে মৌসুমী বায়ু। তখন মাঝারি থেকে ভারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে, পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্ককেন্দ্র জানায়. গত কয়েকদিনের অব্যাহত বর্ষণে বহ্মপুত্র, গঙ্গা, মেঘনা ও পার্বত্য অববাহিকায় নদ-নদীর পানি বেড়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2008, 12:37 PM

Updated : 26 Aug 2022, 02:04 PM

ঢাকা, জুলাই ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মৌসুমী বায়ুর সক্রিয়তা কিছুটা কমায় আগামী দুই-তিনদিন সারাদেশে বৃষ্টির পরিমাণ কমতে পারে। আবহাওয়া অধিদপ্তর বলেছে, খানিকটা বিরতি দিয়ে শিগগিরই আবার সক্রিয় হতে পারে মৌসুমী বায়ু। তখন মাঝারি থেকে ভারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে, পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্ককেন্দ্র জানায়. গত কয়েকদিনের অব্যাহত বর্ষণে বহ্মপুত্র, গঙ্গা, মেঘনা ও পার্বত্য অববাহিকায় নদ-নদীর পানি বেড়েছে। শনিবার সকালে সুরমার নদীর সুনামগঞ্জ পয়েন্টে এবং কংস নদীর জারিয়া-জাঞ্জাইল পয়েন্টে পানি বিপদসীমার উপরে বইছিল। তবে দেশের কোথাও আপাতত বন্যার সম্ভাবনা নেই। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে। এ সময়ে পটুয়াখালীতে সর্বোচ্চ ১১৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করে আবহাওয়া অধিদপ্তর। অধিদপ্তরের আবহাওয়া পূর্বাভাস কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ''মৌসুমী বায়ু এখন মোটামুটি সক্রিয় রয়েছে। এজন্য গত কয়েকদিনের তুলনায় আগামী দুই তিন দিন তুলনামূলক কম বৃষ্টি হবে। এরপর মৌসুমী বায়ু আবার সক্রিয় হলে মাঝারি থেকে ভারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।'' আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকাসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। সকাল ৬টা থেকে বেলা ১২টা পর্যন্ত কুতুবদিয়ায় ৩৮ মিলিমিটার, টেকনাফে ১৫ মিলিমিটার, কক্সবাজারে ১৩ মিলিমিটার, সন্দ্বীপে ৮৫ মিলিমিটার, সিলেটে ৮৫ মিলিমিটার, মাইজদীকোর্টে ৪১ মিলিমিটার, চাঁদপুরে ২৪ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করে আবহাওয়া অফিস। আরো অনেক এলাকায় হালকা বৃষ্টি হয়েছে। এদিকে, বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, দেশের দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে মৌসুমী বায়ু সক্রিয় রয়েছে। শনিবার সকাল ৬টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় লুরেরহাটে ১৮৮ দশমিক ২ মিলিমিটার, গাইবান্ধায় ১৩৫ মিলিমিটার, সুনামগঞ্জে ১০০ মিলিমিটার, কক্সবাজার ৮৯ মিলিমিটার, রামগড়ে ৫৬ মিলিমিটার, বরগুনায় ৬৯ দশমিক ২ মিলিমিটার, চিলমারীতে ৬৫ দশমিক ৩ মিলিমিটার ও সিলেটে ৫০ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করে পানি উন্নয়ন বোর্ড। বন্যা পূর্বাভাস ও সতকীর্করণ কেন্দ্র জানায়, পানি উন্নয়ন বোর্ডের ৭৯টি পর্যবেক্ষণ পয়েন্টের ৪৯টিতে পানি বেড়েছে, কমেছে ১৮টিতে, স্থিতিশীল রয়েছে ছয়টিতে এবং দু'টি পয়েন্টে পানি বিপৎসীমার উপরে প্রবাহিত হচ্ছে। কেন্দ্রের পরিচালক সাদিজুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ''এখন পর্যন্ত স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে। কোনো ধরনের বন্যার সম্ভাবনা নেই। তাই আতঙ্কিত হওয়ারও কিছু নেই।'' বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসএনডি/এমএ/১৮২৭ ঘ.