২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিকার-নিষিদ্ধ সময়ে জেলেদের ১০০ দিন আর্থিক সহায়তা দেওয়া হবে

মৎস্য সম্পদ রক্ষার লক্ষ্যে সরকার শিকার-নিষিদ্ধ সময়ে মৎস্যজীবীদের ১০০ দিন আর্থিক সহায়তা দেবে। মধ্য অক্টোবর থেকে মধ্য জানুয়ারি এবং মধ্য মার্চ থেকে মধ্য মে পর্যন্ত পাঁচ মাসের মধ্যে প্রতি মাসে মৎস্যজীবীরা ২০ দিন করে কাজের বিনিময়ে ১০০ টাকা করে আর্থিক সহায়তা পাবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2008, 11:20 AM

Updated : 07 Jul 2022, 05:50 PM

ঢাকা, জুলাই ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মৎস্য সম্পদ রক্ষার লক্ষ্যে সরকার শিকার-নিষিদ্ধ সময়ে মৎস্যজীবীদের ১০০ দিন আর্থিক সহায়তা দেবে।

মধ্য অক্টোবর থেকে মধ্য জানুয়ারি এবং মধ্য মার্চ থেকে মধ্য মে পর্যন্ত পাঁচ মাসের মধ্যে প্রতি মাসে মৎস্যজীবীরা ২০ দিন করে কাজের বিনিময়ে ১০০ টাকা করে আর্থিক সহায়তা পাবে।

প্রধান উপদেষ্টার মৎস্য ও পশুসম্পদ মন্ত্রণালয় বিষয়ক বিশেষ সহকারী মানিক লাল সমদ্দার শনিবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে একথা জানান। বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতি ওই গোলটেবিল বৈঠকের আয়োজন করে।

মৎস্যজীবী জেলে সমিতির আট দফা দাবি তুলে ধরে লিখিত বক্তব্য দেন সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন শিকদার।

গোলটেবিল বৈঠকে মানিক লাল সমাদ্দার বলেন, সরকার বছরের দুই মাস বেশকিছু সংরক্ষিত মৎস্য অভয়াশ্রমে মাছ ধরা নিষিদ্ধ করেছে। এছাড়া বছরের অন্য পাঁচ মাস জাটকা ধরা নিষিদ্ধ। এ কারণে সরকার ওই সময়ে প্রকৃত মৎস্যজীবীদের সাহায্য করতে পাঁচ মাসে ১০০ দিন আর্থিক সহায়তা দেয়ার উদ্যোগ নিয়েছে।

যারা অন্য কোনভাবে সরকারি সুবিধা পাচ্ছেনা, এমন মৎস্যজীবীদের এ আর্থিক সহায়তা দেওয়া হবে বলে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী জানান।

তিনি বলেন, সরকারও 'জাল যার জলা তার'-এ নীতির ভিত্তিতে সরকারি ও খাস জলাশয় ইজারা দিতে রাজী। তবে এটা বাস্তবায়নে বেশ কিছু সমস্যা রয়েছে। দেশের জলমহালগুলোর সর্বশেষ অবস্থা জানতে ইতোমধ্যেই জরিপ শুরু করা হয়েছে উল্লেখ করে মানিক লাল জানান, আগামী দুই-তিন মাসের মধ্যেই এর প্রতিবেদন পাওয়া যাবে।

জলমহালগুলো প্রকৃত মৎস্যজীবীদের মধ্যে ইজারা দিতে নতুন নীতিমালার খসড়া চূড়ান্ত করা হয়েছে বলেও জানান বিশেষ সহকারী। মৎস্যজীবী প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেই এটি চূড়ান্ত করা হবে।

সমিতির সভাপতি ইসরাইল পণ্ডিতের সভাপতিত্বে অনুষ্ঠিত গোলটেবিল আরো বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. আবুল বারাকাত, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক রফিকুল ইসলাম, সংযুক্ত শ্রমিক ফেডারেশনের সভাপতি মোখলেসুর রহমান ও বেসরকারি সংস্থা সিএনআরএস-এর নির্বাহী পরিচালক মফিজুর রহমান।

অধ্যাপক আবুল বারাকাত বলেন, দেশে বর্তমানে ৩৬ লাখ বিঘা খাস জলাশয় রয়েছে। এসব প্রকৃত মৎস্যজীবীদের মধ্যে ইজারা দেওয়া হলে তারা উপকৃত হতে পারে। কিন্তু সরকারি এসব খাস জলাশয় ইজারার নামে এনজিওর হাতে চলে যাচ্ছে।

তিনি অন্তত ১০ লাখ বিঘা প্রকৃত মৎস্যজীবীদের বরাদ্দ দেওয়ার আহ্বান জানান। লোনা পানির চিংড়ি চাষকে পরিবেশগতভাবে আত্মঘাতী ও অন্যায্য আখ্যায়িত করে এর পরিবর্তে সাদা পানির মাছ চাষকে উৎসাহিত করার পরামর্শ দেন তিনি।

মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক রফিকুল ইসলাম বলেন, জলমহাল ইজারার বর্তমান পদ্ধতি সঠিক নয়। তাই এ পদ্ধতি পরিবর্তন করতে অধিদপ্তরের পক্ষ থেকে ভূমি মন্ত্রণালয়ে সুপারিশ করা হয়েছে। আলোচনার ভিত্তিতে অচিরেই এ পদ্ধতির পরিবর্তন করা হতে পারে বলে তিনি জানান।


বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসকে/১৭১২ঘ.