২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিভিন্ন স্থানে সপ্তাহব্যাপী রথযাত্রা উৎসব শুরু

দেশর বিভিন্ন স্থানে যথাযোগ্য মর্যাদায় শুক্রবার শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুষ্ঠান রথযাত্রা। এক সপ্তাহ পর ফিরতি রথের মধ্য দিয়ে শেষ হবে এ উৎসব। এ উপলেক্ষে নানা স্থানে মাসব্যাপী আয়োজন করা হয়েছে রথমেলার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2008, 02:44 PM

Updated : 26 Aug 2022, 02:04 PM

ঢাকা, জুলাই ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশর বিভিন্ন স্থানে যথাযোগ্য মর্যাদায় শুক্রবার শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুষ্ঠান রথযাত্রা। এক সপ্তাহ পর ফিরতি রথের মধ্য দিয়ে শেষ হবে এ উৎসব। এ উপলেক্ষে নানা স্থানে মাসব্যাপী আয়োজন করা হয়েছে রথমেলার। আমাদের প্রতিনিধি পাঠানো সংবাদ- গাজীপুর: সকালে গাজীপুর শহরের রথখোলা এলাকায় সরকারি গণগ্রন্থাগার সংলগ্ন বটমূলে শ্রীশ্রী মাণিক্য মাধবের রথযাত্রা ও মেলার উদ্বোধন করেন প্রধান উপদেষ্টার বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় বিষয়ক বিশেষ সহকারী মানিক লাল সমদ্দার। অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি বলেন, "এ দেশের মানুষ পূজা, ঈদ, রথ উৎসব বা হালখাতার অনুষ্ঠান ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নয় বরং উৎসব হিসেবে দেখতে অভ্যস্ত।" অনুষ্ঠানে রথমেলা পরিচালনা কমিটি নেতারা রথের স্থান সংকুচিত হওয়া এবং মাধব মন্দির নিয়ে নানা সমস্যার কথা জানালে মানিকলাল সমাদ্দার বিষয়টি পর্যালোচনার প্রতিশ্র"তি দেন। এরপর তিনি রথ টেনে উৎসবের উদ্বোধন করেন। জেলা প্রশাসক সৈয়দ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গাজীপুর পৌরসভা চেয়ারম্যান আ ক ম মোজাম্মেল হক ও অতিরিক্ত পুলিশ সুপার জিহাদুল কবির। রথমেলা পরিচালনা কমিটির সদস্য সচিব অধ্যাপক মুকুল কুমার মল্লিক সাংবাদিকদের জানান, ভাওয়াল রাজাদের প্রচলিত মাণিক্য মাধবের রথ উৎসবের বয়স একশ বছরেরও বেশি। আগামী ১২ জুলাই উল্টো রথের মধ্য দিয়ে রথযাত্রার অনুষ্ঠান শেষ হবে। তবে মেলা চলবে ২৩ জুলাই পর্যন্ত। তিনি জানান, মেলা উপলেক্ষে সদর হাসপাতাল সড়কের দু'পাশে শতাধিক দোকান বরাদ্দ দেওয়া হয়েছে। মেলায় বিভিন্ন ফল ও খাবার দোকান ছাড়াও গৃহস্থালি জিনিস, তৈজসপত্র, আসবাবপত্র প্রভৃতির পসরা সাজিয়েছে ব্যবসায়ীরা। মেলায় শিশু-কিশোরদের বিনোদনের জন্য এসেছে সার্কাস, পুতুল নাচ, নাগরদোলা প্রভৃতি। বাগেরহাট: সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের লাউপালা গ্রামের জিউর মন্দিরে দুপুরে রথ টানার মধ্য দিয়ে শুরু হয়েছে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব ও মেলা। আগামী ১২ জুলাই উল্টো রথ অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে রথের আনুষ্ঠানিকতা। তবে মেলা চলতে মাসব্যাপী। বাগেরহাট রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী অখিলেশানন্দজী মহারাজ প্রদীপ জ্বালিয়ে উৎসবের সূচনা করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সহিদুল ইসলাম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার এ.কে.এম শহিদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আজম খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা তসলিমা আক্তার, বাগেরহাট হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের আহবায়ক শিব প্রসাদ ঘোষ, রথমেলা উদযাপন পরিষদের সভাপতি চিত্তরঞ্জন মিত্র প্রমুখ। অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে এসেছেন হাজার হাজার পূণ্যার্থী। এটি দেশের দক্ষিণাঞ্চলে সবচেয়ে বড় রথযাত্রা অনুষ্ঠান। রথমেলা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অমিত রায় সাংবাদিকদের জানান, ভৈরব নদের তীরে এ রথযাত্রা ও মেলা উদযাপিত হচ্ছে গত আড়াইশ বছর ধরে। মন্দিরে মাসব্যাপী অনুষ্ঠানের মধ্যে রয়েছে রামায়ণ গান, পালাকীর্তন, ধর্মীয় সংগীত, সার্কাস, পুতুল নাচ প্রভৃতি। ফরিদপুর: সকালে শহরের গোয়ালচামট এলাকার শ্রীঅঙ্গন ও ওয়েস্ট এন্ড পাড়ায় পৃথক দুটি রথযাত্রা অনুষ্ঠিত হয়। বিকেলে শোভারামপুর এলাকার ইসকন মন্দিরে হয় আরেকটি রথযাত্রা অনষ্ঠান। ইসকন থেকে বের হওয়া রথযাত্রা শহরের বিভিন্ন সড়ক ঘুরে আবার ইসকন মন্দিরে এসে শেষ হয়। এ উপলক্ষে মন্দিরে শ্রী শ্রী জগন্নাথ দেবের পূজা, প্রসাদ বিতরণ ও কীর্তনের আয়োজন করা হয়। দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করে শতশত পূণ্যার্থী উৎসবে অংশগ্রহণ করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/ডিডি/এমএসবি/২০৩৯ ঘ.