মিন্টু চৌধুরী
চট্টগ্রাম অফিস
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
চট্টগ্রাম, জুলাই ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টানা এক সপ্তাহের বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর অধিকাংশ সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সড়কগুলোতে খানাখন্দ সৃষ্টি হওয়ায় নগরবাসীকে ব্যাপক দুর্ভোগ পোহাতে হচ্ছে। জানাচ্ছেন মিন্টু চৌধুরী।
বর্ষা মৌসুমের আগে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (সিসিসি) বিভিন্ন প্রকল্পের আওতায় নগরীর গুরুত্বপূর্ণ কিছু সড়ক সংস্কার ও কার্পেটিং করলেও অর্থাভাবে অধিকাংশ সড়ক বিশেষ করে গলি-উপগলির সংস্কার কাজ করতে পারেনি। টানা বৃষ্টিতে ওই সড়কগুলোর অবস্থা এখন বেহাল।
নগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, সিরাজদ্দৌলা সড়ক, বহদ্দার হাট, বাদুরতলা, মোমিন রোড, চট্টগ্রাম কলেজ রোড, চকবাজার, বাকলিয়া, আগ্রাবাদ, হালিশহরসহ বিভিন্ন স্থানের কয়েকটি মূল সড়ক এবং অধিকাংশ গলি-উপগলির কার্পেটিং উঠে গেছে। সৃষ্টি হয়েছে খানা খন্দ।
কয়েক বছর ধরে রাস্তা কার্পেটিং না হওয়ায় এ অবস্থা হয়েছে বলে ভুক্তভোগীরা জানিয়েছেন। জরাজীর্ণ হয়ে পড়া সড়কগুলোতে নতুন করে কার্পেটিং না করে গর্ত ভরাটের মধ্য দিয়ে কর্পোরেশন কাজ শেষ করেছে বলে এলাকাবাসী অভিযোগ করেছেন। জরাজীর্ণ হয়ে পড়া এসব রাস্তায় যানবাহন ও মানুষের চলাচলে সমস্যা হচ্ছে।
নগরীর চন্দনপুরা এলাকার বাসিন্দা শাহরিয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "প্রতিদিন সকাল-বিকাল দু'বার সিরাজদ্দৌলা সড়ক দিয়ে যাওয়া আসা করতে হয়। রাস্তায় কাদামাটিতে এমন অবস্থা হয়েছে পায়ে হাঁটা তো দূরের কথা রিকশা বা অটোরিকশা দিয়েও চলাচল করা যায় না।"
তিনি অভিযোগের করেন, গত দুই বছর ধরে সড়কটির এ অবস্থা। রাস্তায় গর্ত হলে করপোরেশন তা ভরাট করেই কাজ সারে। নতুন করে কার্পেটিংয়ের কোন উদ্যোগ নেই।
গত অর্থ বছর চট্টগ্রাম সিটি করপোরেশন (চবক) বিভিন্ন প্রকল্পের আওতায় নগরীর প্রায় ১৪১ কিলোমিটার পাকা সড়ক সংস্কার এবং পুরোপুরি কার্পেটিং করলেও সরকারি অর্থ বরাদ্দে অপ্রতুলতার কারণে অন্যান্য সড়কগুলো কার্পেটিং করা হয়নি বলে এ দশা বলে জানা গেছে।
করপোরেশনের প্রকৌশল বিভাগের কর্মকর্তারা জানান, নগরীর ৪১ টি ওয়ার্ডে কাঁচা-পাকা মিলিয়ে প্রায় ৮০০ কিলোমিটার সড়ক রয়েছে। এর মধ্যে ৩০০ কিলোমিটার পুরোপুরি কাঁচা। গত অর্থ বছর (২০০৭-০৮) সিটি করপোরেশনের উদ্যোগে নগরীর প্রায় ১৪১ কিলোমিটার সড়ক ও গলি নতুন করে কার্পেটিং ও সংস্কার করা হয়েছে। এর মধ্যে সিটি করপোরেশনের নিজস্ব অর্থায়নে অ্যাসফল্ট প্ল্যান্টের আওতায় প্রায় ১৮ কোটি টাকা ব্যয়ে ২৭ কি.মি. সড়ক পুরোপুরি কার্পেটিং, ২৭ কোটি টাকা ব্যয়ে প্রায় ৭৩ কিলোমিটার ছোট-বড় সড়কের সংস্কার ও কার্পেটিং করা হয়।
এর বাইরে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) আওতায় ১৯ কোটি ৬৪ লাখ টাকা ব্যয়ে ৪১ কিলোমিটার সড়ক পাকা করা হয়েছে।
সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী (যোগাযোগ) রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গত অর্থবছরে প্রাপ্ত অর্থ দিয়ে নগরীর গুরুত্বপূর্ণ ১৪১ কিলোমিটার সড়কের পাকা করার কাজ শেষ হয়েছে। এছাড়া অন্যান্য ক্ষতিগ্রস্ত সড়ক ও গলিগুলোতে সৃষ্ট গর্ত সারানো হয়েছে।"
তিনি বলেন, "অর্থ না পাওয়ায় নগরীর অধিকাংশ সড়কে কার্পেটিংয়ের কাজ শেষ করা যায়নি। নতুন অর্থ বছরে বরাদ্দ অর্থ ছাড় পেলে বাকি সড়কগুলোর সংস্কার কাজ শুরু করা যাবে।"
করপোরেশনের প্রধান প্রকৌশলী নিজাম উদ্দিন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অর্থ বরাদ্দের বিপরীতে নগরীর অধিকাংশ সড়কেরই সংস্কার ও কার্পেটিং শেষ হয়েছে।
তিনি দাবি করেন, নগরীর সড়কগুলোর বর্তমান অবস্থা আগের যে কোন সময়ের তুলনায় অনেক ভাল।
বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত সড়কগুলো পরবর্তী সময়ে রি সার্ফেসিং করা হবে বলেও তিনি জানান।
সড়কের বেহাল দশা প্রসঙ্গে প্রকৌশলী রফিকুল ইসলাম বলেন, "টানা বৃষ্টিতে সড়কের ক্ষতি হবে এটাই স্বাভাবিক। বৃষ্টি কমে গেলে ক্ষতি হওয়া সড়কগুলো সংস্কার করা হবে।"
প্রতি বছর সংস্কার খাতেই করপোরেশনের বিপুল অর্থ ব্যয় হয় উল্লেখ করে তিনি বলেন, পানি বেশি জমে এ ধরনের সড়কগুলো চিহ্নিত করে কার্পেটিংয়ের পরিবর্তে সিসি (সিমেন্ট-কংক্রিট) ঢালাইয়ের মাধ্যমে সংস্কার করলে এর স্থায়ীত্ব বেশি হতে পারে।
প্রকৌশলী রফিক জানান, ইতোমধ্যে চলতি অর্থ বছরে সরকার নগরীর ৩০০ কিলোমিটার কাঁচা সড়ক পাকা করতে ১৯ কোটি ৮০ লাখ টাকা, মহেশ খাল, রাজাখাল সংলগ্ন সড়ক নিমার্ণের জন্য মোট ৩৮ কোটি টাকা অনুমোদন দিয়েছে। এছাড়া, নগরীর সড়ক ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা উন্নয়নের জন্য ৯৬ কোটি টাকার একটি প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
তিনি বলেন, "প্রকল্পগুলোর কাজ শুরু হলে নগরীর সড়ক সংস্কারের কাজে গতি আসবে এবং খুব দ্রুতই অনুমোদনপ্রাপ্ত প্রকল্পগুলোর বিপরীতে দরপত্রও ডাকা হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/এমএআর/এমএসবি/১৬৫৬ ঘ.
bdnews24