সিরাজগঞ্জ, জুলাই ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সদর উপজেলার গজারিয়া এলাকায় সিরাজগঞ্জ-কাজীপুর সড়কের শুক্রবার সকালে বাস চাপায় ভ্যানচালকসহ দু'জন নিহত ও তিনজন আহত হয়েছেন।
ঘটনার পরপরই বিক্ষুব্ধ গ্রামবাসী ঘাতক বাসটি পুুড়িয়ে দেয় এবং রাস্তা অবরোধ করে রাখে। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সিরাজগঞ্জ-কাজীপুর সড়কে যান চলাচল বন্ধ ছিল।
নিহতরদের একজন হলেন- গজারিয়া গ্রামের বাসিন্দা ভ্যানচালক আলো (৩৫)। নিহত ভ্যানযাত্রীর পরিচয় পাওয়া যায়নি।
আহতদের সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক নূরনবী বলেন, সকাল সাড়ে ১০টার দিকে কাজীপুরের সোনামুখী থেকে সিরাজগঞ্জগামী তানজিল পরিবহনের একটি বাস যাত্রীবোঝাই একটি রিকশাভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যান চালক আলো ও অজ্ঞাতনামা এক যাত্রীর মৃত্যু হয়। আহত হন তিন যাত্রী।
তিনি জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ উদ্ধার করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমএসবি/১৩৫৪ ঘ.
bdnews24