২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে র‌্যাবের 'ক্রসফায়ারে' ডাকাত নিহত

ফেনী জেলার মধুপুর এলাকার রানী ব্রিজের কাছে শুক্রবার ভোররাতে র‌্যাবের কথিত 'ক্রসফায়ারে' নিজাম উদ্দিন নামে এক ডাকাত নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2008, 09:42 AM

Updated : 26 Aug 2022, 02:04 PM

চট্টগ্রাম, জুলাই ০৪(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফেনী জেলার মধুপুর এলাকার রানী ব্রিজের কাছে শুক্রবার ভোররাতে র‌্যাবের কথিত 'ক্রসফায়ারে' নিজাম উদ্দিন নামে এক ডাকাত নিহত হয়েছেন। র‌্যাব কর্মকর্তারা জানান, নিহত নিজাম আন্তঃজেলা ডাকাত দলের সদস্য ও সন্ত্রাসী। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, ডাকাতি ও অস্ত্র আইনে ২৩টি মামলা রয়েছে। নিজাম ফেনীর ছাগলনাইয়া উপজেলার নিশ্চিহ্নপুর গ্রামের ওবায়দুল্লাহর ছেলে। র‌্যাবের স্টাফ অফিসার সহকারী পুলিশ সুপার শেখ শরীফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, " বুধবার চট্টগ্রাম নগরীর হালিশহর থেকে তাকে গ্রেপ্তার করেছিল র‌্যাব। বৃহস্পতিবার রাতে র‌্যাবের একটি দল অস্ত্র উদ্ধার ও তার সহযোগীদের গ্রেপ্তারের জন্য মীরসরাই ও ছাগলনাইয়াতে অভিযান চালায়।" এরপরে তাকে নিয়ে ফেনী সদর উপজেলায় যাওয়ার পথে রাত সোয়া তিনটার দিকে মধুপুর এলাকার রানী ব্রিজের কাছে কিছু সন্ত্রাসী র‌্যাবের গাড়ি আটকানোর চেষ্টা করে। গাড়ী থামালে তারা র‌্যাব সদস্যদের দেখতে পেয়ে পিছু হটে এবং গুলি চালায়। র‌্যাবও পাল্টা গুলি চালায়। এসময় নিজাম পালানোর চেষ্টা করলে 'ক্রসফায়ারে' পড়ে মারা যায়। তিনি জানান, সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষের সময় র‌্যাব ২৫ রাউন্ড গুলি ছুড়েছে। এক পর্যায়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। র‌্যাব সদস্যরা ঘটনাস্থল থেকে তিনটি দেশি বন্দুক, একটি একনলা বন্দুক ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করেছে। আমাদের ফেনী প্রতিনিধি জানান, নিজাম ছাগলনাইয়া ও ফেনী থানার তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ছিল বলে জানিয়েছে পুলিশ। নিজামের মৃতদেহ সংশ্লিষ্ট ফেনী সদর থানায় হস্তান্তরের পর ফেনী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। সেখানে ময়না তদন্ত শেষে দুপুরে লাশ তার আত্মীয়-স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে। র‌্যাব কর্মকর্তা মেহেদী হাসান ফেনী সদর থানায় একটি মামলা করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এফএফ/এমএসবি/১৫৩৫ ঘ.