২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এক মাসের মধ্যে গঠিত হতে পারে পে কমিশন

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা পর্যালোচনা করতে আগামী এক মাসের মধ্যে পে-কমিশন গঠন করা সম্ভব হবে বলে আশা করেছেন অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2008, 10:21 AM

Updated : 26 Aug 2022, 02:04 PM

ঢাকা, জুলাই ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা পর্যালোচনা করতে আগামী এক মাসের মধ্যে পে-কমিশন গঠন করা সম্ভব হবে বলে আশা করেছেন অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম। বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ে সরকারের একশ দিনের কর্মসৃজন কর্মসূচি বাস্তবায়নের নীতিমালা প্রণয়ন বিষয়ক সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। অর্থ উপদেষ্টা বলেন, "পে-কমিশন গঠনের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে। কমিশনে কত সদস্য বা কারা থাকবেন, সেটি যাচাই-বাছাইয়ের কাজ চলছে। আশা করছি আগামী এক মাসের মধ্যেই পে-কমিশন গঠন করা সম্ভব হবে। তবে আমি কোনো প্রতিশ্র"তি দিচ্ছি না।" আজিজুল ইসলাম বলেন, "সভায় একশ দিনের কর্মসৃজন কর্মসূচি নীতিমালা প্রণয়নের খসড়া নিয়ে আলোচনা হয়েছে। দ্রুত এ নীতিমালা চূড়ান্ত করা হবে। নীতিমালা অনুযায়ী আগামী সেপ্টেম্বর মাস থেকে দারিদ্র্যপীড়িত ও সুবিধাবঞ্চিত ২০ লাখ মানুষকে একশ দিনের জন্য সরকারি খাদ্য নিরাপত্তা বেষ্টনির আওতায় আনা হবে। যারা এর সুবিধা পাবেন, তাদের তালিকা তৈরির জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে একটি কমিটি করা হয়েছে। ইউনিয়ন চেয়ারম্যানরা কমিটির সদস্য থাকবেন। স্থানীয়ভাবে এ তালিকা চূড়ান্ত করা হবে।" দেশের মঙ্গাপ্রবণ ও উপকূলীয় ৪৪টি জেলায় এক হাজার ৪০০ কোটি টাকা এবং বাকি ২০টি জেলার জন্য ৬০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে জানিয়ে তিনি বলেন, "২০ লাখ লোক প্রতিদিন একশ টাকা করে একশ দিন এ সুবিধা পাবে। এক্ষেত্রে যাতে অনিয়ম না হয় সেজন্য কম বরাদ্দ দেওয়া হয়েছে।" এ বি মির্জ্জা আজিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে খাদ্য উপদেষ্টা এ এম এম শওকত আলী, কৃষি উপদেষ্টা সি এস করিম, মৎস্য ও পশুসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মানিকলাল সমাদ্দারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাররা উপস্থিত ছিলেন। এর আগে বুধবার অর্থ সচিব মোহাম্মদ তারেক জানান, একশ দিনের কর্মসৃজন কর্মসূচির প্রথম পর্বে দরিদ্র অঞ্চলগুলোকে প্রাধান্য দিয়ে প্রত্যেক শ্রমিককে প্রতিদিনের মজুরি হিসেবে একশ টাকা করে দেওয়া হবে। সরকার কাজ দিতে না পারলেও পরিবারের ব্যয় নির্বাহের জন্য তাদের নির্দিষ্ট অঙ্কের টাকা দেওয়া হবে। প্রকল্পটি বাস্তবায়ন করবে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি। তদারকির দায়িত্বে থাকবে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সচিবের নেতৃত্বে গঠিত স্টিয়ারিং কমিটি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এআরএইচ/টিএইচ/এসএনডি/১৫৫৬ ঘ.