২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মনোনয়ন দাখিলের সময় শেষ আজ

চার সিটি করপোরেশন ও নয় পৌরসভায় প্রার্থী হতে ইচ্ছুকদের মনোনয়নপত্র দাখিলের সময়সীমা বৃহস্পতিবার শেষ হচ্ছে। এই তেরটি এলাকায় নির্বাচন অনুষ্ঠিত হবে একযোগে ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2008, 05:50 AM

Updated : 26 Aug 2022, 02:04 PM

ঢাকা, জুলাই ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চার সিটি করপোরেশন ও নয় পৌরসভায় প্রার্থী হতে ইচ্ছুকদের মনোনয়নপত্র দাখিলের সময়সীমা বৃহস্পতিবার শেষ হচ্ছে। এই তেরটি এলাকায় নির্বাচন অনুষ্ঠিত হবে একযোগে । নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এবার স্থানীয় নির্বাচনে প্রার্থী ও ভোটারের ব্যাপক উৎসাহ-উদ্দীপনা রয়েছে। আইন-বিধি অনুসরণেও তাদের সচেতনতা রয়েছে। নির্বাচন কমিশনও আইন প্রয়োগে কঠোর থাকবে। নির্বাচন কমিশন গত ২০ জুন এসব এলাকায় নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন থেকে মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিলের সময় শুরু হয়। ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র যাচাই-বাছাই চলবে ৬ ও ৭ জুলাই। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১৩ জুলাই। ৪ আগস্ট অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ। নির্বাচন হতে যাওয়া চার সিটি করপোরেশন হল- খুলনা, রাজশাহী, বরিশাল ও সিলেট। নয়টি পৌরসভা হচ্ছে- মানিকগঞ্জ সদর, শরীয়তপুর সদর, চুয়াডাঙ্গা সদর, গোলাপগঞ্জ (সিলেট), শ্রীপুর (গাজীপুর), ফুলবাড়িয়া (ময়মনসিংহ), নওহাটা (রাজশাহী), দুপচাঁচিয়া (বগুড়া) ও সীতাকুণ্ড (চট্টগ্রাম)। মনোনয়ন প্রত্যাহারের পর চূড়ান্ত প্রার্থীদের হলফনামার তথ্য ভোটারদের জন্য প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্যে ইতোমধ্যে মাঠপর্যায়ে নির্শেনাও দিয়েছে ইসি সচিবালয়। ২০ জুন তফসিল ঘোষণার পর থেকে ১ জুলাই পর্যন্ত নির্বাচন কমিশন সচিবালয় ৫টি পরিপত্র জারি করেছে। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপ সচিব (পৌর ও পল্লী) সৈয়দ মো. খুরশিদ আনোয়ার ও সিনিয়র সহকারি সচিব (পৌর-১) মো. আবদুল বাতেন এসব পরিপত্র জারি করেন। এতে অফিসারদের সিটি ও পৌর নির্বাচন বিষয়ে পৃথক পৃথক রিটার্নিং নির্দেশনা দেওয়া হয়। মাঠ পর্যায়ে ইসির নির্দেশনা পরিপত্র-১ এ নির্বাচনী সময়সূচি ঘোষণা, গণবিজ্ঞপ্তি জারি, মনোনয়ন দাখিল, মনোনয়ন বাছাই, প্রার্থিতা প্রত্যাহার, রিটার্নিং অফিসার ও আপিল কর্তৃপক্ষ নিয়োগ বিষয়ে জানানো হয়। পরিপত্র-২ এ মেয়র, কাউন্সিলর, সংরক্ষিত ও সাধারণ আসনের কাউন্সিল পদে প্রার্থী হওয়ার যোগ্যতা, অযোগ্যতা, প্রস্তাবক, সমর্থকের যোগ্যতা, জামানত, মনোনয়ন বাছাই, আপিল ও প্রার্থিতা প্রত্যাহারের বিষয়ে জানানো হয়। এবার প্রার্থী যোগ্যতা ও অযোগ্যতায় দুই ডজন শর্ত নির্দ্দিষ্ট করে দেয়া হয়েছে। অনুদানপ্রাপ্ত কোনো শিক্ষা প্রতিষ্ঠান বা কোনো সংস্থার সার্বক্ষণিক বা খণ্ডকালীন পদে নিয়োজিত ব্যক্তিদের প্রার্থিতা অযোগ্য করা হলেও স্বপদ থেকে পদত্যাগ করে মনোনয়ন দাখিল করতে পারবেন। এতে জানানো হয়, ৪ আগস্ট সকাল ৮টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতীহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। পরিপত্র-৩ এ প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচনী প্রতীক বরাদ্দের বিষয়ে জানানো হয়। এতে সিটি করপোরেশনে মেয়র পদের জন্য ২০টি প্রতীক, সংরক্ষিত আসনে কাউন্সিলর পদে ১৮টি প্রতীক এবং সাধারণ আসনের কাউন্সিলর পদের জন্য ৩০টি প্রতীক বরাদ্দ করা হয়। পৌরসভায় মেয়র পদের জন্য ১০টি প্রতীক, সংরক্ষিত আসনে কাউন্সিলর পদে ৮টি প্রতীক এবং সাধারণ আসনের কাউন্সিলর পদের জন্য ১২টি প্রতীক বরাদ্দ করা হয়। প্রার্থীতা প্রত্যাহারের নির্ধারিত দিন শেষ হওয়ার পরদিন প্রকৃত প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হবে। প্রার্থী সংখ্যা বেশি হলে অতিরিক্তি প্রতীক থেকে বরাদ্দ করা হবে। পরিপত্র-৪ এ প্রার্থীদের নির্বাচনী ব্যয় এবং উৎসের বিবরণী দাখিল ও আচরণ বিধি অনুসরণের বিষয়ে জানানো হয়। আচরণবিধিতে জানানো হয়, ভোটগ্রহণের নির্ধারিত তারিখের ২১ দিন সময়ের পূর্বে কোনো প্রকার নির্বাচনী প্রচারণা করতে পারবেন না। বিধিমালা লঙ্ঘনে অনধিক ছয় মাসের কারাদণ্ড অথবা অনধিক ৫০ হাজার টাকা জরিমানা অথবা উভয়দণ্ড বিধান রাখা হয়েছে। বিধি লঙ্ঘনের দায়ে প্রয়োজনে তদন্ত সাপেক্ষে নির্বাচন কমিশন তাৎক্ষণিক লিখিত আদেশ দিয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রার্থিতা বাতিল করতে পারবে। পরিপত্র-৫ এ প্রার্থীদের নামের তালিকা ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে প্রদান এবং প্রার্থিদের কতিপয় তথ্য প্রকাশের বিষয়ে জানানো হয়। ঋণখেলাপিদের নির্বাচনে অযোগ্য ঘোষণা করায় তা যাচাইয়ের জন্য প্রার্থীদের তালিকা ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে দেয়া হবে। হলফনামার মাধ্যমে প্রার্থীদের প্রদত্ত তথ্য নিবাচন কমিশন সচিবালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। একনজরে ভোটার, ভোটকেন্দ্র ও ভোটকক্ষ চার সিটি করপোরেশনে মোট ১০ লাখ ৯৩ হাজার ৬৮৭ ভোটারের মধ্যে পুরুষ ৫ লাখ ৬৪ হাজার ৯১৬ জন এবং মহিলা ৫ লাখ ২৮ হাজার ৭৭১ জন। এসব সিটি করপোরেশনে ভোটকেন্দ্র ৫৭৯ এবং ভোটকক্ষ ৩১২৯টি। এখানো ওয়ার্ডের সংখ্যা সংরক্ষিত ৩৯টি ও সাধারণ ১১৮টি। নয় পৌরসভায় ২ লাখ ৭৩ হাজার ৯৭৫ ভোটারের বিপরীতে ভোটকেন্দ্র ১৩৬টি এবং ভোটকক্ষ ৭২৭টি। এসব পৌরসভায় ওয়ার্ডের সংখ্যা সংরক্ষিত ২৭টি এবং সাধারণ ৮১টি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/জিএনএ/১১৩৮ ঘ.