ঢাকা, জুন ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- সরকারের সঙ্গে আওয়ামী লীগের সংলাপ শুরু হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় এ সংলাপ শুরু হয় বলে প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব মো: সরওয়ার আলম টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত সংলাপে সরকারের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ। প্রধান উপদেষ্টার সঙ্গে রয়েছেন যোগাযোগ উপদেষ্টা গোলাম কাদের, আইন উপদেষ্টা এ এফ হাসান আরিফ, স্থানীয় সরকার উপদেষ্টা আনোয়ারুল ইকবাল, শিক্ষা ও বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান ও পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমেদ চৌধুরী।
অন্যদিকে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমানের নেতৃত্বে সভাপদিমন্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী, আমির হোসেন আমু, আব্দুর রাজ্জাক, তোফায়েল আহমদ, সুরঞ্জিত সেনগুপ্ত, মতিয়া চৌধুরী, আতাউর রহমান খান কায়সার এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম সংলাপে অংশ নিচ্ছেন।
সংলাপে আওয়ামী লীগের পক্ষে শেখ হাসিনার স্থায়ী মুক্তি ও তার বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহার, অবিলম্বে জরুরি অবস্থা প্রত্যাহার, সর্বাগ্রে জাতীয় নির্বাচন অনুষ্ঠান, যুদ্ধাপরাধীদের বিচার, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির জনকের মর্যাদায় অধিষ্ঠিত করাসহ বেশ কিছু দাবি উত্থাপণ করার কথা।
সংলাপে আওয়ামী লীগের বক্তব্য ও কৌশল নিয়ে গত মঙ্গলবার কার্যনির্বাহী সংসদেও জরুরি বৈঠক অনুিষ্ঠত হয। এছাড়াও সংলাপে অভিন্ন বক্তব্য পেশ করার জন্য আওয়ামী লীগ ইতিমধ্যেই ১৪ দলের শরিকদের সঙ্গে আলোচনা করেছে।
আওয়ামী লীগই সবচেয়ে আগে সরকারের সঙ্গে সংলাপের আহবান জানায়। সংলাপকে সামনে রেখে গত ১৩ এপ্রিল সরকারের পাঁচ উপদেষ্টার সঙ্গে আওয়ামী লীগের নীতিনির্ধারকদের প্রাক সংলাপ অনুষ্ঠিত হয়।
শেখ হাসিনাকে গত ১১ জুন আট সপ্তাহের জন্য মুক্তি দেওয়া হয়। সেরাতেই সুধা সদনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকে থেকে আওয়ামী লীগ সংলাপে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তাৎক্ষণিকভাবে চার উপদেষ্টা শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করেন। তাদের সঙ্গে বৈঠক চলাকালেই টেলিফোনে প্রধান উপদেষ্টা শেখ হাসিনার সঙ্গে কথা বলেন।
ঐ বৈঠক থেকে বেরিয়ে শিক্ষা উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান বলেন, আওযামী লীগের সঙ্গে সরকারের সংলাপ শুরু হয়েছে।
পরে সংলাপে অংশ নিতে প্রধান উপদেষ্টার কাছে ৯ সদস্যের প্রতিনিধি দলের নাম পাঠায় আওয়ামী লীগ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এএইচডি-ইএইচবি/জিএনএ/১১৩০ ঘ.
bdnews24