২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইস্টার্ন প্লাজার দোকানে শাটার ভেঙে চুরি, ব্যবসায়ীদের বিক্ষোভ

রাজধানীর হাতিরপুলে ইস্টার্ন প্লাজার একটি ইলেকট্রনিক্স সামগ্রীর দোকানে শাটার ভেঙে প্রায় ১৬ লাখ টাকার মালামাল চুরি হয়েছে। এ ঘটনার প্রতিবাদে বুধবার ব্যবসায়ীরা দোকান বন্ধ রেখে বিক্ষোভ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2008, 05:56 PM

Updated : 26 Aug 2022, 02:04 PM

ঢাকা, জুলাই ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর হাতিরপুলে ইস্টার্ন প্লাজার একটি ইলেকট্রনিক্স সামগ্রীর দোকানে শাটার ভেঙে প্রায় ১৬ লাখ টাকার মালামাল চুরি হয়েছে। এ ঘটনার প্রতিবাদে বুধবার ব্যবসায়ীরা দোকান বন্ধ রেখে বিক্ষোভ করেছে। মঙ্গলবার রাতের কোনো এক সময় ইস্টার্ন প্লাজার পঞ্চম তলার প্যানাসনিক ইলেকট্রনিক্সের শাটার ভেঙে মালামাল চুরি হয়। এ ব্যাপারে ধানমন্ডি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ওই দোকানের মালিক শামিম আহমেদ জানান, মঙ্গলবার রাতে তিনি দোকান বন্ধ করে বাসায় যান। পরদিন সকালে তার ভাইয়ের ছেলে দোকানে গিয়ে দেখে, শাটারের এক পাশ ভাঙা। খবর পেয়ে তিনি দোকানে এসে দেখেন, ক্যাশের নগদ ২ লাখ টাকা ও ১০০ মোবাইল ফোন সেট নেই। চুরি হওয়া ১০০ মোবাইল ফোন সেটের দাম আনুমানিক ১৪ লাখ টাকা বলে শামিম আহমেদ জানান। ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহসীন উদ্দীন জানান, মার্কেটের ক্লোজড সার্কিট ক্যামেরায় ধারণকৃত ভিডিও দেখে অপরাধীদের সনাক্ত করার চেষ্টা চলছে। ধানমণ্ডি থানার সহকারী উপ পরিদর্শক মাহাফুজুর রহমান জানান, শামীম আহমেদ তার মামলায় তিনজনের নাম উল্লেখ করেছেন। এরা হলো- চুরি যাওয়া দোকানের কম্পিউটার অপারেটর মামুনুর রশীদ, মার্কেটের কর্মচারী মামুন হাওলাদার ও মোহাম্মদ সোহেল রানা। মোহসীন উদ্দীন জানান, চুরির ঘটনার প্রতিবাদে ইস্টার্ন প্লাজার ব্যবসায়ীরা বুধবার সকাল থেকে দোকান বন্ধ রেখে সামনের রাস্তায় বিক্ষোভ করে। তারা চুরির সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানায়। দুপুরের পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে অপরাধীদের গ্রেপ্তারের আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। শামীম আহমেদ জানান, মঙ্গলবার রাতে মার্কেটের নিরাপত্তার দায়িত্বে দুজন নিরাপত্তাকর্মী ছিলেন। পুরো মার্কেটে ৪০টি ক্লোজড সার্কিট ক্যামেরা রয়েছে। তবে তার দোকানের পাশের ক্যামেরাটি নষ্ট। অন্য ব্যবসায়ীদের ধারণা, চুরির সঙ্গে জড়িতরা আগে থেকেই ক্যামেরা নষ্ট থাকার বিষয়টি জানতো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/জেকে/২৩৫১ ঘ.