২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিডরে ক্ষতিগ্রস্তদের সহায়তায় ৭ কোটি ৭৫ লাখ ডলার দিচ্ছে যুক্তরাষ্ট্র

ঘূর্ণিঝড় সিডরে ক্ষতিগ্রস্তদের জন্য ২০০৮ সালে দুই কোটি ৫০ লাখ ডলার এবং ২০০৯ সালে আরো পাঁচ কোটি ডলারের সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। এছাড়া, যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা দপ্তর বাংলাদেশে দুর্যোগ সহায়তা হিসেবে চলতি বছর আরো ২৫ লাখ ডলার দেবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2008, 03:03 PM

Updated : 26 Aug 2022, 02:04 PM

ঢাকা, জুলাই ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঘূর্ণিঝড় সিডরে ক্ষতিগ্রস্তদের জন্য ২০০৮ সালে দুই কোটি ৫০ লাখ ডলার এবং ২০০৯ সালে আরো পাঁচ কোটি ডলারের সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। এছাড়া, যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা দপ্তর বাংলাদেশে দুর্যোগ সহায়তা হিসেবে চলতি বছর আরো ২৫ লাখ ডলার দেবে। মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশ এ ব্যাপারে একটি সম্পূরক অর্থ বিলে স্বাক্ষর করেছেন বলে বুধবার ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এতে বলা হয়, সহায়তার আওতায় নতুন নতুন প্রকল্প ও সহযোগী চিহ্নিত করা হবে। এই তহবিল ঘূর্ণিঝড়দুর্গত অঞ্চলে মা ও শিশুদের জন্য পুষ্টি সরবরাহে সাহায্য করার পাশাপাশি অতি প্রয়োজনীয় স্থানে ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণ ও পরিকল্পনায় সহায়তা দেবে। দুর্যোগকালীন সময় ছাড়া স্থাপনাগুলো স্কুল ও কম্যুনিটি সেন্টার হিসেবে ব্যবহৃত হবে। প্রতিরক্ষা দপ্তরের তহবিল বহুমুখী আশ্রয়কেন্দ্র ও সেতু নির্মাণে ব্যবহৃত হবে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘূর্ণিঝড় সিডরের পরপরই খাদ্যবহির্ভূত জরুরি ত্রাণ কাজে যুক্তরাষ্ট্র ৬৫ লাখ ডলার দেয়। এছাড়া ২০০৮ সালে বাংলাদেশকে খাদ্য সহায়তায় অতিরিক্ত ১১ কোটি ডলার দেওয়া হচ্ছে। এই সহায়তা বাংলাদেশের চর, হাওড় ও ঘূর্ণিঝড় সিডরে আক্রান্ত অঞ্চলের দরিদ্র ও ঝুঁকিপূর্ণ গ্রামগুলোতে জরুরি ত্রাণ, পুনর্বাসন ও টেকসই উন্নয়নে ব্যবহৃত হচ্ছে। বিডেনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনডি/এমএ/২০৫৮ ঘ.