২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উৎকোচ নেওয়ার চেষ্টার অভিযোগে মৌলভীবাজারে পাঁচ পুলিশকে প্রত্যাহার

শ্রীমঙ্গল থানা হাজতে পাঁচ গ্রামবাসীকে আটকে রেখে উৎকোচ নেওয়ার চেষ্টার অভিযোগে পুলিশের এক উপ-পরিদর্শক ও চার কনস্টেবলকে বুধবার প্রত্যাহার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2008, 02:56 PM

Updated : 26 Aug 2022, 02:04 PM

মৌলভীবাজার, জুলাই ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শ্রীমঙ্গল থানা হাজতে পাঁচ গ্রামবাসীকে আটকে রেখে উৎকোচ নেওয়ার চেষ্টার অভিযোগে পুলিশের এক উপ-পরিদর্শক ও চার কনস্টেবলকে বুধবার প্রত্যাহার করা হয়েছে। এরা হলেন- শ্রীমঙ্গল থানার উপ-পরিদর্শক (এসআই) নাহিদ আহমেদ এবং কনস্টেবল মাহমুদুল হাসান, মো. জসিম উদ্দিন, মইনউদ্দিন ও পুলিশ ভ্যানের চালক মো. রিপন। শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান পাঁচ পুলিশ সদস্যকে প্রত্যাহার করার সত্যতা স্বীকার করে বলেন, বুধবার সকালে মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (চলতি দায়িত্বে পুলিশ সুপার) মো. মতিউর রহমানের নির্দেশে তাদের মৌলভীবাজার পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার মো. মতিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত রোববার ভোরে শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও-লাহারপুর সড়ক থেকে একটি জিপগাড়ি (ঢাকা মেট্রো- ঘ- ০২- ১৩১০) ভর্তি রাবারসহ পাঁচ ব্যক্তিকে চুরির অভিযোগে আটক করা হয়। এরা হলেন- শ্রীমঙ্গলের মির্জাপুর ইউনিয়নের ছাত্রাবট গ্রামের মধু মিয়ার ছেলে মুজিবুর রহমান, একই গ্রামের ফরিদ মিয়ার ছেলে মঞ্জুর আলী, জিপ চালক সাতগাঁও ইউনিয়নের মাকড়িছড়া চা বাগানের শাওনা রবিদাসের ছেলে রঞ্জিত রবিদাস ও জিপের হেলপার একই গ্রামের রামরূপ রবিদাসের ছেলে রবি রবিদাস। পরদিন সোমবার ভোরে একই ঘটনায় জড়িত সন্দেহে উপজেলার সিন্দুরখান ইউনিয়নের কুঞ্জবন গ্রামের মৃত সুরুজ আলীর ছেলে মো. ফিরোজ আলীকে আটক করা হয়। সোম ও মঙ্গলবার থানা হাজতে তাদের থানা হাজতে রেখে দালালের মাধ্যমে আত্মীয় স্বজনের সঙ্গে যোগাযোগ করেন এসআই নাহিদ ও চার কনস্টেবল। আটককৃতদের আত্মীয় স্বজন বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থায় অভিযোগ করেন, এসআই নাহিদসহ পাঁচ পুলিশ ছেড়ে দেওয়ার বিনিময়ে টাকার জন্য চাপ দেন তাদের চাপ দেন। এ নিয়ে দর কষাকষি হয় বলেও তারা অভিযোগ করেন। বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার শ্রীমঙ্গল পৌর শাখার সভাপতি মো. সাইফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দুই দিন থানা হাজতে পাঁচ ব্যক্তিকে আটক রাখা হয়। মঙ্গলবার রাতে আমি বিষয়টি জানতে পারি। এ নিয়ে পুলিশের উচ্চ পর্যায়ে কথা বলেছি।" তিনি বলেন, "কোন অভিযুক্ত ব্যক্তিকে আদালতের অনুমতি ব্যতিরেকে ২৪ ঘন্টার অধিক সময় থানা হাজতে রাখার বিধান নেই। এটি মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন।" পুলিশ সুপার মো, মতিউর রহমান বলেন, "ঘটনাটি জেনে আমি মঙ্গলবার রাতে শ্রীমঙ্গল থানায় যাই। প্রাথমিক তদন্তে পুলিশ সদস্যের বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা খুঁজে পাই। প্রাথমিক তদন্তের পর পাঁচ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়।" শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান জানান, রাবার চুরির মামলায় মুজিবুর রহমান ও মঞ্জুর আলীকে দুপুরে আদালতের মাধ্যমে মৌলভীবাজার কারাগারে পাঠানো হয়েছে। অপর তিনজনকে ছেড়ে দেওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/২০৪৬ ঘ.