২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হৃদরোগ ইনস্টিটিউটে রোগীর স্ত্রী ধর্ষিত

রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে মঙ্গলবার রাতে এক রোগীর স্ত্রীকে ধর্ষণ করেছে ইনস্টিটিউটেরই এক কর্মচারি। ধর্ষণকারী দেলোয়ার হোসেন ও তার সহযোগী মোজাম্মেল হককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2008, 12:34 PM

Updated : 26 Aug 2022, 02:04 PM

ঢাকা জুলাই ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে মঙ্গলবার রাতে এক রোগীর স্ত্রীকে ধর্ষণ করেছে ইনস্টিটিউটেরই এক কর্মচারি। ধর্ষণকারী দেলোয়ার হোসেন ও তার সহযোগী মোজাম্মেল হককে গ্রেপ্তার করেছে পুলিশ। তেজগাঁও থানার উপ পরিদর্শক ফারুক আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার রাত ৯টার দিকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের দোতালায় ডিপার্টমেন্ট স্টোরে এই ধর্ষণের ঘটনা ঘটে। ফারুক আহমেদ জানান, হৃদরোগে আক্রান্ত হয়ে এক ব্যক্তি ২৪ জুন হৃদরোগ ইনিস্টিটিউটে ভর্তি হয়। সেখানকার দোতালায় ৪ নম্বর ওয়ার্ডে তার চিকিৎসা চলছে। মঙ্গলবার রাত ৯টার দিকে পানি কেনার জন্য রোগীটির স্ত্রী দোতালা থেকে নিচে নামেন। এ সময় ইনস্টিটিউটের টেকনিশিয়ান দেলোয়ার জানায় পানি তার কক্ষেই আছে। পুলিশ কর্মকর্তা ফারুক আহমেদ জানান, রোগীটির স্ত্রীকে নিয়ে দেলোয়ার দোতালার ডিপার্টমেন্ট স্টোরে যায়। সেখানে আগে থেকে তার সহযোগী আরেক টেকনিশিয়ান মোজাম্মেল ছিল। ওই মহিলা ডিপার্টমেন্ট স্টোরে ঢোকার সঙ্গে সঙ্গে মোজাম্মেল দরজা লাগিয়ে দেয়। এরপরেই দেলোয়ার তাকে ধর্ষণ করে। ফারুক আহমেদ বলেন, "স্ত্রীর দেরি দেখে রোগী ওয়ার্ড থেকে বের হয়ে দেখেন কাঁদতে কাঁদতে সে ফিরে আসছে। পরে রাত ১২টার দিকে স্বামী-স্ত্রী দু'জনই তেজগাঁও থানায় গিয়ে অভিযোগ করলে পুলিশ ইনস্টিটিউটে গিয়ে দু'জনকে গ্রেপ্তার করে।" এ ব্যাপারে একটি মামলা করা হয়েছে। ইনস্টিটিউটের পরিচালক ডা. এ কে এম মহিবুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "অভিযুক্ত দু'জনকেই সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ বিষয়ে বৃহস্পতিবার একটি বিভাগীয় তদন্ত কমিটি করা হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসএনডি/জিএনএ/১৮২৮ ঘ.