ঢাকা, জুলাই ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আসন্ন স্থানীয় নির্বাচনে কোনো প্রার্থী রাজনৈতিক দলের নাম, প্রতীক, ছবি বা কার্যালয় ব্যবহার করে প্রচার চালালে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন বুধবার সাংবাদিকদের বলেন, "কেউ রাজনৈতিক দলের সমর্থন নিয়ে প্রার্থী হলে কমিশন তার প্রচার কার্যক্রম পর্যবেক্ষণ করবে।
স্থানীয় নির্বাচন আইন অনুযায়ী, এ ধরনের অভিযোগ প্রমাণিত হলে ৫০ হাজার টাকা জরিমানা বা ছয় মাসের কারাদণ্ড থেকে শুরু করে প্রার্থীতা বাতিলের বিধান রয়েছে।
মুহাম্মদ ছহুল হোসাইন বলেন, "স্থানীয় সরকারের সব নির্বাচনই নির্দলীয়, অরাজনৈতিক। কোনো সংগঠন কোনো প্রার্থীকে দলীয় সমর্থন দিলেও আইন অনুযায়ী দলীয়ভাবে প্রচার চালানোর সুযোগ নেই। প্রত্যেককেই নির্দলীয়ভাবে প্রচার চালাতে হবে।"
বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নির্বাচনে অংশগ্রহণের ঘোষণাকে 'ইতিবাচক' উল্লেখ করে নির্বাচন কমিশনার বলেন, "স্থানীয় নির্বাচন অরাজনৈতিক হলেও রাজনৈতিক দলগুলোতো নির্বাচন করবে। তবে এ নির্বাচনে তাদের প্রত্যক্ষ অংশগ্রহণের সুযোগ নেই। কোনো সংগঠন দলগতভাবে প্রার্থী দিতে পারে; কিন্তু দলগতভাবে প্রচার চালানোর সুযোগ নেই।"
দলীয়ভাবে কেউ প্রার্থী হলে মনোনয়ন দাখিলের পর নির্বাচন কমিশন তার প্রচার কর্যক্রম পর্যবেক্ষণ করবে জানিয়ে তিনি বলেন, "বিধি লঙ্ঘন করলে দণ্ড ও প্রার্থিতা বাতিলের মতো শাস্তির বিধান রয়েছে। কারো বিরুদ্ধে অভিযোগ পেলে কমিশন ব্যবস্থা নেবে।''
এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে চাকুরিরতদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়ার ব্যাপারে কমিশনের প্রস্তাব উপদেষ্টা পরিষদ নাকচ করে দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, "এই শিক্ষককরা লাভজনক পদে রয়েছেন। তাই নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ দেওয়া হচ্ছে না।"
শিক্ষকরা বিষয়টি মেনে নেেেবন আশা প্রকাশ করে ছহুল হোসাইন বলেন, "আমরা আশা করি, শিক্ষকরা বিষয়টি মেনে নেবেন। দেশ কী অবস্থানে আছে তা তারা জানেন। আশা করি তারা নতুন কোনো সমস্যা সৃষ্টি না করে পরিস্থিতির উত্তোরণে এগিয়ে আসবেন।"
৪ সিটি ও ৯ পৌরসভায় মনোনয়নপত্র দাখিলের শেষ দিন বৃহস্পতিবার। তফসিল অনুযায়ী, ৪ আগস্ট এসব এলাকায় ভোটগ্রহণ হওয়ার কথা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/জেকে/জিএনএ/১৮২০ ঘ.
bdnews24