২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বৃহস্পতিবার থেকে ফি লাগবে জন্মনিবন্ধনে

বিনা খরচে জন্মনিবন্ধন করার সময় শেষ হচ্ছে বুধবার। এর পরদিন থেকে ফি দিয়ে নিবন্ধন করাতে হবে। বুধবার দুপুরে রাজধানীর একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ তথ্য জানান সরকারের জন্ম ও মৃত্যু নিবন্ধন প্রকল্পের পরিচালক এ কে এম সাইফুল ইসলাম চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2008, 12:11 PM

Updated : 26 Aug 2022, 02:04 PM

ঢাকা, জুলাই ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিনা খরচে জন্মনিবন্ধন করার সময় শেষ হচ্ছে বুধবার। এর পরদিন থেকে ফি দিয়ে নিবন্ধন করাতে হবে। বুধবার দুপুরে রাজধানীর একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ তথ্য জানান সরকারের জন্ম ও মৃত্যু নিবন্ধন প্রকল্পের পরিচালক এ কে এম সাইফুল ইসলাম চৌধুরী। জন্মনিবন্ধন দিবস উপলক্ষে মতবিনিময় সভাটি আয়োজন করে ইউনিসেফ। গতবছর থেকে ৩ জুলাই পালন করা হচ্ছে জন্মনিবন্ধন দিবস। সাইফুল ইসলাম চৌধুরী জানান, গত মার্চ মাস পর্যন্ত সারাদেশে ৫ কোটি ৮৭ লাখ মানুষ জন্মনিবন্ধন সনদ পেয়েছেন। এই সংখ্যা মোট জনসংখ্যার ৩৯ দশমিক ১৩ ভাগ। তিনি বলেন, "বিনা খরচে জন্মনিবন্ধনের সময়সীমা ২ জুলাই শেষ হচ্ছে। এরপর ৩ জুলাই থেকে ফি দিয়ে নিবন্ধন করা যাবে।" তিনি বলেন, পৌরসভা ও ইউনিয়ন পরিষদভুক্ত এলাকায় নিবন্ধন করতে জন্মের দুই বছর পর থেকে প্রতি বছরের জন্য পাঁচ টাকা করে দিতে হবে। অর্থাৎ কারো বয়স ৪২ বছর হলে প্রথম দু'বছর বাদ দিয়ে পরবর্তী ৪০ বছরের জন্য তাকে ফি দিতে হবে দুশ টাকা। সিটি করপোরেশন ও ক্যান্টনমেন্ট বোর্ড এলাকার মানুষদের ক্ষেত্রে ফি এর হার বছরপ্রতি ১০ টাকা হবে বলেও জানান তিনি। প্রকল্প পরিচালক বলেন, "বাংলায় নিবন্ধন সনদ পেতে পৌরসভা ও ইউনিয়ন পরিষদ এলাকার অধিবাসীদের বিশ টাকা করে দিতে হবে। ইংরেজি সনদ চাইলে দিতে হবে ৫০ টাকা। আর সিটি করপোরেশন ও ক্যান্টনমেন্ট বোর্ড এলাকায় বাংলা সনদের জন্য ৪০ টাকা ও ইংরেজি সনদের জন্য একশ টাকা দিতে হবে।" বিনা খরচে নিবন্ধন করার সময়সীমা বাড়ানো হবে কিনা- জানতে চাইলে প্রকল্প পরিচালক বলেন, "এ ধরনের কোনো পরিকল্পনা নেই। তবে ফি বছরপ্রতি না করে সামঞ্জ্যস্যর মধ্যে একটি নির্দিষ্ট সংখ্যা নির্ধারণ করে দেওয়ার পরিকল্পনা আছে।" অনুষ্ঠানে ইউনিসেফ এর যোগাযোগ বিশেষজ্ঞ আরিফা এস শারমিন জানান, ১৬টি ক্ষেত্রে জন্মনিবন্ধন সনদের প্রয়োজন পড়বে। এর মধ্যে উল্লেখযোগ্য হল- পাসপোর্ট, বিবাহ নিবন্ধন, শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি, জমি নিবন্ধন ও ব্যাংক হিসাব। জন্ম ও মৃত্যু আইন পুরনো হলেও ২০০৪ সালে তা সংশোধন করা হয়। সংশোধিত আইন অনুসারে শিশুর জন্মের পর ৪৫ দিনের মধ্যে জন্মনিবন্ধন বাধ্যতামূলক। ২০০৮ সালের ডিসেম্বর মধ্যে সার্বজনীন জন্মনিবন্ধনের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউএ/এসএনডি/জিএনএ/১৮০০ ঘ.