কক্সবাজারে ডাকাতের হামলায় পুলিশের এসআই আহত
কক্সবাজার শহরতলীর কলাতলী এলাকায় বুধবার দুপুরের দিকে ডাকাতদের হামলায় গুরুতর আহত হয়েছেন সদর মডেল থানার পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই)। গ্রেপ্তার করা হয়েছে এক ডাকাতকে। বাগেরহাটের ফকিরহাটে মঙ্গলবার রাতে দুই বাড়িতে হানা দিয়ে নগদ টাকা, সোনার অলংকার লুটে নিয়েছে ডাকাতরা।
ঢাকা, জুলাই ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজার শহরতলীর কলাতলী এলাকায় বুধবার দুপুরের দিকে ডাকাতদের হামলায় গুরুতর আহত হয়েছেন সদর মডেল থানার পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই)। গ্রেপ্তার করা হয়েছে এক ডাকাতকে। বাগেরহাটের ফকিরহাটে মঙ্গলবার রাতে দুই বাড়িতে হানা দিয়ে নগদ টাকা, সোনার অলংকার লুটে নিয়েছে ডাকাতরা।
আমাদের কক্সবাজার প্রতিনিধি জানান, ডাকাতদের হামলায় আহত এসআই হামিদুল হককে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইমাম হোসেন জানান, শহরতলীর কলাতলী এলাকায় গত রোববার ও সোমবার রাতে পরপর ডাকাতির ঘটনা ঘটে। বুধবার পুলিশ গোপন সূত্রে জানতে পারে, পাঁচ ডাকাত কলাতলীর একটি বাড়িতে অবস্থান করছে।
এ খবরের ভিত্তিতে মডেল থানার উপ-পরিদর্শক হামিদুল হক ও অপর একজন পুলিশ কনস্টেবল সাদা পোশাকে ঘটনাস্থলে যান। পুলিশের আরেকটি দল সেখানে যাওয়ার কথা থাকলেও তারা সময় মত পৌঁছাতে পারেনি। হামিদুল হক ও ওই পুলিশ কনস্টেবল ফিরে আসছিলেন। এ সময় তাদের ওপর হামলা করে ডাকাতরা।
তিনি জানান, ডাকাতরা উপ পরিদর্শক হামিদুল হকের মাথা ও ডান গালে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেছে। আহত হওয়ার পরও তিনি একজন ডাকাতকে ঝাপটে ধরে ফেলেন। পরে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। অতিরিক্ত পুলিশের উপস্থিতি টের পেয়ে বাকি চার ডাকাত পালিয়ে যায়।
পুলিশ কর্মকর্তা ইমাম হোসেন জানান, গ্রেপ্তারকৃত ডাকাত আব্দুস শুক্কুরের বাড়ি কলাতলী এলাকায়। পালিয়ে যাওয়া ডাকাতদের পাকড়াও করতে তাকে নিয়ে পুলিশ ওই এলাকায় অভিযান চালাচ্ছে।
বাগেরহাট প্রতিনিধি জানান, ফকিরহাট উপজেলার পিলজংগ ইউনিয়নের পিলজংগ গ্রামের টেম্পু চালক কামরুল ইসলাম ও বলাই শীলের বাড়িতে মঙ্গলবার গভীর রাতে ডাকাতরা হানা দেয়।
ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুধবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ডাকাতির ঘটনায় কামরুল ইসলামের স্ত্রী লাভলী বেগম বুধবার দুপুরে ফকিরহাট থানায় অজ্ঞাতনামা ১০/১২ জনকে আসামি করে একটি মামলা করেছেন।
লাভলী বেগম জানান, ১০/১২ জনের একটি ডাকাত দল বেড়া কেটে তাদের ঘরে ঢুকে মালামাল লুট করে। এ সময় তার স্বামী বাড়ি ছিলেন না।
তিনি দাবি করেন, তার বৃদ্ধ শাশুড়ি চিৎকার শুরু করলে ডাকাতদল তাদের দুজনকে অস্ত্রের মূখে আটকে রেখে ঘরে থাকা পাঁচ ভরি ওজনের স্বর্ণালংকার, নগদ ১২ হাজার টাকা নিয়ে গেছে।
এরপর তারা প্রতিবেশী বলাই শীলের বাড়িতে হানা দিয়ে নগদ ১২শ টাকা, দুই ভরি ওজনের স্বর্ণালংকারসহ বেশ কিছু মালামাল নিয়ে যায় বলেও লাভলী বেগম জানান।
ফকিরহাট থানার ওসি এরশাদুল কবির চৌধুরী বুধবার বিকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ডাকাতির ঘটনা জানতে পেরে পুলিশ বুধবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছে।
তিনি মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, ডাকাতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/১৮০০ ঘ.
