বাগেরহাট, জুলাই ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটের প্রধান ডাকঘরসহ জেলার ডাকঘগুলোতে পোস্টাল অর্ডার সংকটের কারণে খাদ্য বিভাগে চাকরির আবেদনকারী প্রার্থীরা দুর্ভোগে পড়েছেন। তবে খাদ্য মন্ত্রণালয় থেকে জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়কে জানানো হয়েছে- পোস্টাল অর্ডারের পরিবর্তে পে অর্ডার ও ব্যাংক ড্রাফট দিয়ে চাকরি প্রার্থীরা আবেদনপত্র পাঠাতে পারবেন।
পোস্টাটল অর্ডার সংকটের বিষয়ে বাগেরহাট প্রধান ডাকঘরের পোস্টমাস্টার গোলাম মোস্তফা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সোমবার থেকে পোস্টাল অর্ডারের সংকট শুরু হয়েছে। বাগেরহাট পোষ্ট অফিসে মোট আট হাজার পোস্টাল অর্ডার ছিল। সোমবার দুপুরের মধ্যে তা শেষ হয়ে যায়।"
ঢাকায় ডাক বিভাগের প্রধান কার্যালয়ের হিসাব নিরীক্ষা শাখা থেকে তাকে মঙ্গলবার সকালে জানানো হয়েছে সেখানেও এ সংকট চলছে। বুধবার বাগেরহাটে কিছু পোস্টাল অর্ডার পাঠানো হতে পারে। তবে পোস্টাল অর্ডার পাঠানো হয়নি বলে জানিয়েছেন পোস্টমাস্টার।
তিনি বলেন, "এই সংকট সাময়িক। একই সঙ্গে সরকারি কয়েকটি দপ্তর থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রচার করায় সংকট সৃষ্টি হয়েছে।"
গোলাম মোস্তফা আরও জানান, গত এক সপ্তাহে বাগেরহাট ডাকঘর থেকে তিন লক্ষাধিক টাকার পোস্টাল অর্ডার বিক্রি হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক পোস্টাল অর্ডার কিনে নিয়ে গেছে বরিশালের পিরোজপুর, বরগুনা, ভোলা ও ঝালকাঠি জেলা থেকে আসা ক্রেতারা।
বাগেরহাট ছাড়াও বরিশাল বিভাগের বিভিন্ন এলাকায়ও পোস্টাল অর্ডারের সংকট চলছে বলেও জানান তিনি।
স
bdnews24