ঢাকা, ২ জুলাই (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- বাংলাদেশের গ্রামীণ ক্ষুদ্র মহিলা উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধির জন্য বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিডব্লিউসিসিআই) নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণের এক প্রকল্প হাতে নিয়েছে। ডেনমার্কের আন্তর্জাতিক সহায়তা সংস্থা ডানিডার অর্থায়নে দেশের ১০টি অঞ্চল থেকে ৩০০ নারী উদ্যোক্তাকে নির্বাচিত করে ২ বছর মেয়াদী এ প্রশিক্ষণ দেওয়া হবে। বিডব্লিউসিসিআই এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
বিডব্লিউসিসিআই এর এ প্রকল্পে আর্থিক ব্যবস্থাপনা, হিসাব রক্ষণ, বুক কিপিং এবং ব্যবসায়িক কাউন্সেলিংয়ের ওপর প্রশিক্ষণ দেওয়া হবে। গাজীপুর, জামালপুর, টাঙ্গাইল, ফরিদপুর, খুলনা, নরসিংদী, কুমিল্লা, কিশোরগঞ্জ, দিনাজপুর ও যশোরে এ প্রশিক্ষণ দেওয়া হবে । প্রকল্পে ব্যয় হবে ৭১ লাখ ৪০ হাজার টাকা। গত ১ জুলাই ঢাকাস্থ ডেনিশ দূতাবাসে এ সংক্রান্ত এক চুক্তি স্বাক্ষর হয়।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিডব্লিউসিসিআই প্রেসিডেন্ট সেলিমা আহমদ বলেন, ২০০১ সালে প্রতিষ্ঠার পর থেকে নারী উদ্যোক্তাদের চেম্বারের অন্যতম প্রধান কাজ ছিল মহিলা ব্যবসায়ীদের প্রশিক্ষণ ও মানোন্নয়ন। তিনি বলেন, এই প্রথমবারের মতো পল্লী অঞ্চলের নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে পেরে তারা রোমাঞ্চিত। সেলিমা জানান, এ প্রশিক্ষণ ছাড়াও পণ্য ও নকশা তৈরি, আইটি ও ফেয়ার ট্রেড বিষয়েও নারী উদ্যোক্তাদের সহায়তা করার একটি পরিকল্পনা তৈরি করেছেন তারা।
ঢাকাস্থ ডেনিশ দূতাবাসের শার্জ দ্য অ্যাফেয়ার্স ইয়ান মলার হ্যানসেন বলেন, বাংলাদেশের বেসরকারি খাতে বিজনেস টু বিজনেস কর্মসূচির মাধ্যমে আমরা দীর্ঘদিন ধরেই কাজ করছি কিন্তু এই প্রথম হাতে-কলমে প্রশিক্ষণের মাধ্যমে গ্রামীণ নারীদের কাছে যাচ্ছি আমরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসকে/১৪৫১ঘ.
bdnews24