রংপুর, জুলাই ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুর সদর উপজেলার হরিদেবপুর ইউনিয়নে রফিকুল ইসলাম সরু (১০) নামে এক স্কুলছাত্রের লাশ মঙ্গলবার উদ্ধার করা হয়েছে। দ্বিতীয় শ্রেণিণতে পড়ুয়া ওই শিশুকে শ্বাসরোধে হত্যা করা হয় বলে পুলিশ জানিয়েছে।
মঙ্গলবার সকালে হরিদেবপুর ইউনিয়নের মমিনপুর শিবের বাজার কুর্শারদোলা সেতুর নিচে ডোবা থেকে রফিকুলের লাশ উদ্ধার করা হয় বলে কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ হাশমী জানান।
রফিকুলের বাড়ি একই ইউনিয়নের রথিরামপুর গ্রামে। তার বাবার নাম লুৎফর রহমান। রফিকুল মমিনপুর উচ্চ বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণিতে পড়তো।
স্থানীয়দের উদ্ধৃতি দিয়ে ওসি আলী আহমেদ হাশমী সাংবাদিকদের জানান, রফিকুল পড়াশোনার পাশাপাশি স্থানীয় ডা. আবদুল হাই এর বাড়িতে কাজ করতো। সোমবার স্কুল থেকে ফিরে সে গরু নিয়ে মাঠে যায়। এরপর আর ফিরে আসেনি।
শিশুটিকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে পুলিশ কর্মকর্তা আহমেদ হাশমী জানান।
লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আবদুল হাই বাদি হয়ে থানায় একটি হত্যা মামলা করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমআই/২০৫২ ঘ.
bdnews24