২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোড শো মৌলভীবাজারে, বৃষ্টিস্নাত অভ্যর্থনা

'এসো বাংলাদেশ গড়ি' এ শ্লোগানে রোড শোর গাড়ি বহর মঙ্গলবার মৌলভীবাজার পৌঁছেছে। বর্ষার অঝোর ধারার মধ্যেও কয়েক হাজার মানুষ রাস্তার দুই পাশে দাঁড়িয়ে স্বাগত জানায় গাড়ি বহরকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2008, 02:47 PM

Updated : 26 Aug 2022, 02:03 PM

মৌলভীবাজার, জুলাই ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'এসো বাংলাদেশ গড়ি' এ শ্লোগানে রোড শোর গাড়ি বহর মঙ্গলবার মৌলভীবাজার পৌঁছেছে। বর্ষার অঝোর ধারার মধ্যেও কয়েক হাজার মানুষ রাস্তার দুই পাশে দাঁড়িয়ে স্বাগত জানায় গাড়ি বহরকে। সিলেট থেকে রওনা হয়ে মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় মৌলভীবাজার জেলা শহরে ঢোকে রোড শোর গাড়ি বহর। এরপর একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে। শিশু-কিশোর থেকে শুরু করে সব বয়সী মানুষের উপস্থিতি শোভাযাত্রায় প্রাণের সঞ্চার ঘটায়। শহরের বিভিন্ন স্থানে তৈরি করা হয় রঙ-বেরঙের তোরণ। ছয়টি হাতিও ছিল সেই শোভাযাত্রায়। শোভাযাত্রায় অংশ নেওয়া মানুষ নানা ধরনের প্ল্যাকার্ড-ফেস্টুন বহন করে। ততে লেখা ছিল- 'বেশি করে আলু খান ভাতের ওপর চাপ কমান', 'আমরা সৎ-যোগ্য নেতৃত্ব চাই', 'তথ্য প্রযুক্তি হোক বেকারত্ব দূরীকরণের মূল হাতিয়ার', 'আসুন দুর্নীতি নির্মূল করি', 'আমরা সন্ত্রাসমুক্ত বাংলাদেশ চাই' ইত্যাদি। শহর ঘুরে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এসে শেষ হয় শোভাযাত্রা। এরপর সেখানে জেলা প্রশাসন, মৌলভীবাজার পৌরসভা ও মৌলভীবাজার ক্লাবের আয়োজনে উন্মুক্ত মঞ্চে এক আালোচনা সভা হয়। জেলা প্রসাসক মুহা. আলকামা সিদ্দিকির সভাপতিত্বে ওই সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান শফিক আলম মেহেদী। তিনি বলেন, "বর্তমান সরকার সন্ত্রাস ও দুর্নীতিমূক্ত বাংলাদেশ গড়তে যে কার্যক্রম চালাচ্ছে, তাতে সবার সহযোগিতা কাম্য।" শফিক আল মেহেদী মৌলভীবাজারের পর্যটন কেন্দ্রগুলোর ওপর দৃষ্টিপাত করে বলেন, "লাউয়াছড়া, মাধবকুণ্ড, হাইল হাওড়সহ মৌলভীবাজারের পর্যটন কেন্দ্রগুলোকে আকর্ষণীয় করে গড়ে তুলতে পারলে এখানে পর্যটন খাত থেকেই প্রচুর আয় সম্ভব।" সভায় বিভিন্ন কাজে অবদানের জন্য পাঁচজন ব্যক্তিকে সাদা মনের মানুষ উপাধি দিয়ে পদক দেওয়া হয়। এরা হলেন- ড. খলিলুর রহমান, ক্যাপ্টেন মোঃ মুহিব, মনিকা শর্মা, আতাউর রহমান ও মাওলানা মোঃ মকবুল হোসেন। সভা শেষে বিদ্যালয় মাঠে মেলা উদ্বোধন করেন পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান। তিনি মেলার বিভিন্ন স্টলও ঘুরে দেখেন। বিশ্বের সপ্তম প্রাকৃতিক আশ্চর্য নির্বাচনের ক্ষেত্রে কক্সবাজারকে ভোট দেওয়ার আহ্বান জানান শফিক আল মেহেদী। মেলায় মৌলভীবাজার মহিলা সমিতি, মহিলা অধিদপ্তরের উদ্যোগে আলু দিয়ে তৈরি খাদ্য ও পিঠা পুলির আয়োজন করে। বিকালে তুমুল বৃষ্টির মধ্যেই মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। মৌলভীবাজার শিল্পকলা একাডেমি, খাসিয়া, মণিপুরী ও অন্যান্য আদিবাসী শিল্পীরা নাচ-গানে মাতিয়ে তোলেন ওই অনুষ্ঠান। ৫০ দিনে ৫৫টি জেলা প্রদক্ষিণের লক্ষ্য নিয়ে গত মাসে পঞ্চগড় থেকে শুরু হয় 'এসো বাংলাদেশ গড়ি' রোড শো। নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, পর্যটন কর্পোরেশনসহ সরকারের বিভিন্ন মন্ত্রণালয় এর আয়োজন করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২০৪১ ঘ.