ঢাকা, জুলাই ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির পরিপ্রেক্ষিতে ডিজেল চালিত আন্তঃজেলা ও দূরপাল্লার বাস ও মিনিবাসের ভাড়া পুনর্র্নিধারণ করেছে সরকার। যাত্রী প্রতি বাস ভাড়া কিলোমিটারে ১৮ পয়সা বাড়িয়ে ১ টাকা ৫ পয়সা করা হয়েছে। আর মিনিবাসের ভাড়া একই পরিমাণ বাড়িয়ে করা হয়েছে এক টাকা ৮ পয়সা।
মঙ্গলবার সন্ধ্যায় যোগাযোগ মন্ত্রণালয়ের সড়ক ও রেলপথ বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। ভাড়ার এই হার মঙ্গলবার থেকেই কার্যকর হবে।
এতে বলা হয়, ডিজেল চালিত বাসের ভাড়া প্রতি কিলোমিটারে জনপ্রতি ১ টাকা ৫ পয়সা নির্ধারণ করা হয়েছে; যা আগে ছিল ৮৭ পয়সা। তবে যেসব বাস মাওয়া ও পাটুরিয়া ফেরি পারাপারের মাধ্যমে চলাচল করে সেগুলোর ভাড়া ধরা হয়েছে ১ টাকা ৮ পয়সা।
অন্যদিকে মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে করা হয়েছে ১ টাকা ৮ পয়সা; যা আগে ছিল ৯০ পয়সা। তবে মাওয়া ও পাটুরিয়া হয়ে ফেরি পারাপারের মাধ্যমে চলাচলকারী মিনিবাসের ভাড়া হবে ১ টাকা ১১ পয়সা।
দূরপাল্লার বাস ও মিনিবাসের ভাড়া বাড়ানো প্রসঙ্গে যোগাযোগ উপদেষ্টা গোলাম কাদের সাংবাদিকদের বলেন, "জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে এবং বাস্তবতার নিরিখে ভাড়া পুনর্র্নিধারণ করা হয়েছে। নতুন ভাড়া কার্যকর করার বিষয়ে সবার সহযোগিতা কামনা করছি।"
এর আগে সোমবার রাতে সরকার জ্বালানি তেলের দাম বাড়ানোর ঘোষণা দেয়।
প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম ৪০ টাকা থেকে ১৫ টাকা বাড়িয়ে করা হয়েছে ৫৫ টাকা। পেট্রোল ৬৫ টাকা থেকে ২২ টাকা বাড়িয়ে ৮৭ টাকা এবং অকটেন ৬৭ টাকা থেকে ২৩ টাকা বাড়িয়ে ৯০ টাকা করা হয়েছে।
সোমবার রাত ১২টা থেকে এই নতুন দাম কার্যকর হয়েছে।
এর আগে সর্বশেষ ২০০৭ সালের ৩ এপ্রিল দূরপাল্লার বাসের ভাড়া বাড়ানো হয়েছিল। সে সময় বাসের ক্ষেত্রে প্রতি কিলোমিটার ভাড়া ৮০ পয়সা থেকে বাড়িয়ে ৮৭ পয়সা এবং মিনিবাসের ক্ষেত্রে ৮৩ পয়সা থেকে বাড়িয়ে ৯০ পয়সা করা হয়েছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউএ/এএল/জেকে/এমএইচবি/২০৩০ ঘ.
bdnews24