ঢাকা, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জ্বালানি তেলের দাম বৃদ্ধির খবরে সোমবার রাত সাড়ে আটটার পর রাজধানীর বিভিন্ন পাম্পে তেল বিক্রি বন্ধ করে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। তেল বা বিদ্যুৎ না থাকার অজুহাতে পাম্পমালিকরা যানবাহন ফিরিয়ে দিয়েছেন বলে জানিয়েছেন গ্রাহকরা। বিভিন্ন পাম্পে কর্মীদের সঙ্গে গ্রাহকদের বাক-বিতণ্ডারও খবর পওয়া গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক আবু নোমান সজিব রাত সাড়ে ৮টার দিকে আসাদগেটের তালুকদার ফিলিং স্টেশনে মোটরসাইকেলে পেট্রোল ভরতে গেলে পাম্প কর্মীরা সরাসরি জানিয়ে দেন, তেল নেই। কিন্তু পাম্পকর্মীদের বক্তব্য বিশ্বাস না হওয়ায় ১৫/২০ চালক এ নিয়ে বাগযুদ্ধ শুরু করেন।
কিছুক্ষণের মধ্যে সেখানে বেশ কিছু যানবাহনের ভিড় জমে যায়। এরপর চালকরা পাম্পের মজুদ দেখতে চাইলে শেষ পর্যন্ত চাপের মুখে তেল দিতে শুরু করে পাম্প কর্মীরা। কিন্তু ৭/৮টি মোটরসাইকেলে পেট্রোল দেয়ার পরপরই তারা আবার জানায়, তেল শেষ।
রাত নয়টার দিকে বিভিন্ন গণমাধ্যমে তেলের দাম বৃদ্ধির খবর জানতে পেরে গাড়ি মালিকরা পাম্পগুলোতে হুমড়ি খেয়ে পড়ে।
রাজিব নামের এক ব্যাবসায়ী জানালেন, এলিফেন্ট রোডের বাটা সিগনাল আর সায়েন্স ল্যাবরেটরি মোড়ের পাম্পে তেল না পেয়ে তিনি শুক্রাবাদে আসেন। কিন্তু সেখানে তিনি দেখেন, শুক্রাবাদ পাম্পের প্রবেশমুখ বাঁশ দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। এরপর আসাদগেটে এসে জানলেন, এখানেও তেল নেই।
বেসরকারি চাকুরে প্রবালকে দেখা গেল তালুকদার ফিলিং স্টেশনের ম্যানেজারকে অনুরোধ করছেন, "ভাই, অন্তত ৫০ টাকার তেল দেন, বাড়ি পর্যন্ত যাই।"
মঙ্গলবার সকালে ঢাকার বাইরে যাবেন বলে গাড়িতে তেল ভরতে এসেছিলেন একটি জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠানের মালিক সালাউদ্দিন আহম্মেদ। পাম্প কর্মীদের সঙ্গে কিছুক্ষণ তর্কবিতর্কের পর তিনি অন্য পাম্পে ছোটেন তেলের খোঁজে।
তালুকদার ফিলিং স্টেশনের হিসাবরক্ষক ওমর আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমাদের আন্ডারগ্রান্ড ট্যাংকের মজুদ ক্ষমতা ১৪ হাজার ৮০০ লিটার। সর্বশেষ গত ২৬ তারিখে পদ্মা ডিপো থেকে এক গাড়ি (নয় হাজার লিটার) অকটেন এনেছিলাম। আমার এখানে প্রতিদিন গড়ে আড়াই হাজার লিটার অকটেন বিক্রি হয়। রাতে আমাদের মজুদ শেষ হয়ে যায়।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিবেদক সুমন মাহবুব জানান, উত্তরা, বিশ্বরোড ক্ষিলখেত, নিকুঞ্জ ও তেজগাঁও এলাকার অনেক এলাকাতেই রাতে রেশনিংয়ের মাধ্যমে তেল বিক্রি হয়েছে। যানভেদে তেল দেওয়ার পরিমান বেঁধে দেয় পাম্প মালিকরা।
বিভিন্ন পাম্পে তেল বিক্রি বন্ধ করে দেয়ার অভিযোগ নিয়ে প্রশ্ন করা হলে পেট্রোল পাম্প মালিক সমিতির আহ্বায়ক নাজমুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এরকম হওয়ার কথা নয়। রাত ৯টার আগে কোনও পাম্প বন্ধ হওয়ার তথ্য আমার কাছে নেই। বিচ্ছিন্নভাবে দু'এক জায়গায় এটা হতে পারে। আমার পাম্পইতো পৌনে ১০টা পর্যন্ত খোলা ছিল। লাইনে দাঁড়ানো সব গাড়িকে তেল দেওয়ার পরই পাম্প বন্ধ করা হয়েছে।"
সরকার সোমবার রাতে জ্বালানি তেলের দাম বাড়ানোর ঘোষণা দেয়। রাত ১২টা থেকে এই নতুন দাম কার্যকর হওয়ার কথা।
প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম ৪০ টাকা থেকে ১৫ টাকা বাড়িয়ে করা হয়েছে ৫৫ টাকা। পেট্রোল ৬৫ টাকা থেকে ২২ টাকা বাড়িয়ে ৮৭ টাকা এবং অকটেন ৬৭ টাকা থেকে ২৩ টাকা বাড়িয়ে ৯০ টাকা করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএস/এসইউএম/জিএমএ/জেকে/এমএইচবি/০০২৯ ঘ.
bdnews24