রাজশাহী, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্ষমতার অপব্যবহারের অভিযোগে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র মিজানুর রহমান মিনুর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। করপোরেশনের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শাহজাহানকেও এতে আসামি করা হয়েছে।
সোমবার সন্ধ্যায় কমিশনের রাজশাহী কার্যালয়ের উপ-পরিচালক মো. আব্দুল করিম নগরীর বোয়ালিয়া মডেল থানায় এ মামলা দায়ের করেন।
এজাহারের বরাত দিয়ে ওই থানার সহকারী উপ-পরিদর্শক হামিদ জানান, মেয়র মিনু বিধি ভেঙে রাজশাহী সিটি করপোরেশনের জমি নিজের দলীয় লোকদের বরাদ্দ দিয়েছেন। গোরহাঙ্গা মার্কেট, সোনাদিঘী মার্কেট, নিউমার্কেট, শালবাগানসহ নগরীর বিভিন্ন এলাকায় বরাদ্দ দেওয়া এসব জমিতে দোকানঘর ও মার্কেট নির্মাণ করা হয়েছে। এতে করপোরেশনের বিপুল আর্থিক ক্ষতি হয়েছে।
বাদী আব্দুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোরডটকমকে বলেন, "দুর্নীতি প্রতিরোধ আইনে মামলা করা হয়েছে। তবে এখনও করপোরেশনের আর্থিক ক্ষতি নিরূপণ করা হয়নি। তদন্তের মাধ্যমে তা বের করা হবে।"
এর আগে চাঁদাবাজির একটি মামলায় মিজানুর রহমান মিনুকে ১৩ বছর কারাদণ্ড দিয়েছে আদালত। বর্তমানে তিনি রাজশাহী কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/জেকে/০০০৪ ঘ.
bdnews24