ঢাকা, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকায় বিদ্যুৎ বিতরণের দায়িত্ব নিয়ে মঙ্গলবার থেকে কার্যকর হচ্ছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি)। সোমবার ডেসার কারিগরি দিকগুলো ডিপিডিসি বুঝে নিয়েছে। এ সংক্রান্ত অধ্যাদেশ জারির পর ডেসার সব দায় দায়িত্ব ডিপিডিসি'র হাতে ন্যস্ত হবে।
বিদ্যুৎ বিভাগের সচিব ড. এম ফাওজুল কবির খান সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গ্রাহক সেবার মান উন্নয়নের জন্য ডিপিডিসি গঠন করা হয়েছে। কোম্পানি হিসাবে ডেসকোর অভিজ্ঞতা থেকেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।"
ঢাকায় বিদ্যুৎ বিতরণে ডেসা আশানুরূপ সেবা দিতে ব্যর্থ হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
সচিব জানান, ডেসা আইনের সংশোধন সংক্রান্ত প্রস্তাবটি পরীক্ষা-নিরীক্ষার জন্য আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছে বিদ্যুৎ মন্ত্রণালয়। অধ্যাদেশ জারির পর ডিপিডিসি ভেন্ডরস চুক্তির মাধ্যমে ডেসার সব দায়িত্ব বুঝে নেবে।
ঢাকার বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার উন্নয়নে প্রিপেইড মিটার ব্যবস্থা চালু, বিল পরিশোধ ব্যবস্থার সংস্কার, সাবস্টেশন নির্মাণ এবং গ্রাহক সেবার মান বাড়াতে বিভিন্ন কর্মসূচি নেবে প্রতিষ্ঠানটি। সেবার মান বাড়ানোর প্রত্যয়ে 'ডিপেন্ডেবল পাওয়ার, ডিলাইটেড কাস্টমার' এই স্লোগান নিয়ে যাত্রা শুরু করতে যাচ্ছে ডিপিডিসি।
ডেসার গ্রাহক সেবা কেন্দ্রগুলোর নাম বদলে করা হবে 'নেটওয়ার্ক অপারেশন এন্ড কাস্টমার সার্ভিসেস'।
ডিপিডিসি'র জন্য এরইমধ্যে ২ হাজার ৩৬০ জনকে নিয়োগ করা হয়েছে। এদের মধ্যে ৪৯০ জন কর্মকর্তা ও ১৮৭০ জন কর্মচারী। কর্মকর্তাদের মধ্যে ৪০৯ জনকে নেওয়া হয়েছে ডেসা থেকে। ৮১ জনকে বাইরে থেকে নিয়োগ দেয়া হয়েছে। প্রাথমিকভাবে দুই বছরের জন্য সাবাইকে নিয়োগ দেয়া হয়েছে।
এর বাইরে আরো ৫৩৬ জনকে নিয়োগ করবে ডিপিডিসি। এছাড়া দৈনিক মজুরির ভিত্তিতে ডেসায় কর্মরত ১ হাজার ৫৪২ জন কর্মকর্তা-কর্মচারীও ডিপিডিসিতে কাজ করবে। তিন মাস পর তাদের মধ্য থেকে যাচাই বাছাই করে নতুন নিয়োগ দেওয়া হবে।
ঢাকার বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার উন্নয়নে ১৯৯১ সালের ১ অক্টোবর সরকার ডেসা প্রতিষ্ঠা করে। কিন্তু কাক্সিক্ষত সেবা দিতে ব্যর্থ হওয়ায় ২০০৪ সালে ডেসাকে ডিপিডিসিতে রূপান্তরের পরিকল্পনা নেয়া হয়। ২০০৫ সালের ২৫ অক্টোবর প্রতিষ্ঠানটিকে কোম্পানি আইনে নিবন্ধিত করা হয়।
বর্তমানে ডেসার মোট সম্পদের পরিমাণ ২ হাজার কোটি টাকা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/জেকে/এমএইচবি/২২৫৮ ঘ.
bdnews24