চট্টগ্রাম, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর ফিরিঙ্গিবাজার এলাকায় রোববার ভোরে ছিনতাইকারীর ছুরিতে আহত হয়েছেন চট্টগ্রাম বেতারের ঘোষক জহির উদ্দিন আহমদ (৪০)। ছিতাইকারীরা তার মোবাইল ফোন সেট ছিনিয়ে নিয়েছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার পর তাকে বাসায় নিয়ে যাওয়া হয়েছে।
জহির উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভোর সাড়ে পাঁচটার দিকে ফিরিঙ্গিবাজার এলাকার সুজাঘাটের বাসা থেকে রিক্সায় কর্মস্থলে যাবার পথে চার/পাঁচ জন ছিনতাইকারী তার গতিরোধ করে। তারা মোবাইল ফোন কেড়ে নিতে চাইলে তিনি বাধা দেয়ার চেষ্টা করেন। এ সময় ছিনতাইকারীরা তার বাম ও ডান হাঁটুর নিচে ছুরিকাঘাত করে মোবাইল ফোনটি ছিনিয়ে নেয়।
পরে পথচারীরা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তার দুই পায়ে মোট আটটি সেলাই দেওয়া হয়েছে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটককে বলেন, "এ ব্যাপারে থানায় কোনো অভিযোগ করা হয়নি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/ডিডি/জেকে/
bdnews24