২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলা হিসাবরক্ষণ কার্যালয়ে আগুন

সাদুল্লাপুর উপজেলা হিসাবরক্ষণ কার্যালয়ের তিনটি কক্ষে রোববার ভোরে আগুন লেগে বেশকিছু গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে গেছে। কেউ সুপরিকল্পিতভাবে এ আগুনে দিয়েছে বলে ধারণা করছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2008, 03:47 PM

Updated : 26 Aug 2022, 02:03 PM

গাইবান্ধা, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাদুল্লাপুর উপজেলা হিসাবরক্ষণ কার্যালয়ের তিনটি কক্ষে রোববার ভোরে আগুন লেগে বেশকিছু গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে গেছে। কেউ সুপরিকল্পিতভাবে এ আগুনে দিয়েছে বলে ধারণা করছে পুলিশ। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফরিদ আহাম্মদ বলেন, "রোববার সকাল ৭ টার দিকে উপজেলা পরিষদ চত্বরে হাঁটাহাঁটি করার সময় পোড়া গন্ধ পেয়ে গিয়ে দেখি ভবনের দোতলার হিসাবরক্ষণ কার্যালয়ে আগুন জ্বলছে। পরে ওই চাবি এনে তালা খুলে আগুন নেভানো হয়।" তিনি জানান, বিষয়টি তখনই ফোনে সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসিত কুমার ঘোষ ও হিসাবরক্ষণ কর্মকর্তা রফিকুল ইসলামকে জানানো হয়। ওসি অসিত কুমার ঘোষ বলেন, "পৌনে ৮টার দিকে ইউএনও সাহেবের ফোন পেয়ে ঘটনাস্থলে এসে দেখি হিসাবরক্ষণ কার্যালয়ের অডিটরদের রুম ও একটি ষ্টোর রুমের প্রয়োজনীয় কিছু কাগজপত্র আগুনে পুড়ে গেছে।" তিনি জানান, প্রাথমিক অনুসন্ধানে দেখা যায়- অডিটরদের কক্ষের পশ্চিম পাশের জানালার কাচ ভেঙে বুক সেলফে রক্ষিত কিছু গুরুত্বপূর্ণ বিল ভাউচার এবং ষ্টোর রুমের একটি খোলা জানালা পথে আগুন দিয়ে ভেতরের কাগজপত্র পোড়ানো হয়েছে। আরেকটি রুমে আগুন দিলেও তাতে কোনো কাগজপত্র নষ্ট হয়নি। ঘটনাটি অত্যন্ত সুপরিকল্পিতভাবে ঘটানো হয়েছে বলেও মনে করেন তিনি। ওসি বলেন, "ঘটনাস্থল থেকে একটি রুমাল, একটি গামছা ও কিছু ম্যাচের কাঠি আলামত হিসাবে উদ্ধার করা হয়েছে।" উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, "বিভিন্ন দপ্তরের বিগত বছরগুলোর কিছু বিল ভাউচার এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের চলতি অর্থ বছরের প্রাথমিক বিদ্যালয় সংশ্লিষ্ট দুটি বিল ভাউচার আগুনে পুড়ে গেছে।" বিল ভাউচারগুলোর কিছু আংশিক এবং কিছু সম্পূর্ণ পুড়ে গেছে বলে জানান তিনি। এ ঘটনায় জেলা হিসাবরক্ষণ কর্মকর্তা আব্দুল রফিত মণ্ডল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১৩৬ ঘ.