ঢাকা, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদাবাজির একটি মামলায় ঢাকার ওয়ার্ড কমিশনার চৌধুরী আলমকে রোববার ১২ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। আলাদা তিনটি মামলায় এর আগে বিএনপির এই নেতার ৩৩ বছর কারাদণ্ড হয়েছে।
প্রায় ২৪ কোটি টাকা চাঁদাবাজির অভিযোগে চৌধুরী আলমসহ তিন জনের বিরুদ্ধে রাজধানীর বঙ্গবাজার কমপ্লেক্স এর সভাপতি মো. শাহজাহানের দায়ের করা মামলায় রোববার রায় দেন ঢাকা মহানগর প্রথম যুগ্ম দায়রা জজ আদালতের বিচারক কেএস হাওলাদার।
রায়ের সময় কারাবন্দি চৌধুরী আলমকে আদালতে হাজির করা হয়।
আদালতের রায়ে চৌধুরী আলমকে ১২ বছর কারাদণ্ডের পাশাপাশি ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অর্থ দিতে ব্যর্থ হলে তাকে আরও দুই বছর কারাভোগ করতে হবে।
মামলার আরেক আসামি চৌধুরী আলমের শ্যালক রহমত আলীকে পাঁচ বছর কারাদণ্ড দিয়েছে আদালত। তাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অর্থ না দিলে তাকেও আরও এক বছর সাজা খাটতে হবে। রহমত আলী পলাতক।
অপর আসামি হাজী মো. জামাল উদ্দিনের বিরুদ্ধে মামলার কার্যক্রমে হাইকোর্টে স্থিতাবস্থা থাকায় তার বিচারের অংশ স্থগিত রয়েছে।
মামলা পরিচালনাকারী রাষ্ট্রপক্ষের আইনজীবী মহানগর অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর কবীর হোসাইন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "চাঁদাবাজির দুটি মামলায় এর আগে চৌধুরী আলমের ১০ বছর করে ২০ বছর এবং সম্পদের তথ্য গোপন সংক্রান্ত দুর্নীতি মামলায় ১৩ বছর সশ্রম কারাদণ্ডাদেশ হয়েছে।"
মো. শাহজাহানের দায়ের করা মামলায় অভিযোগ করা হয়, রাজধানীর ফুলবাড়িয়ায় বঙ্গবাজারে চারটি মার্কেট মিলিয়ে বঙ্গবাজার কমপ্লেক্সে ২ হাজার ৩৭০টি দোকান বরাদ্দের নামে প্রত্যেক দোকান মালিকের কাছ থেকে ১ লাখ ১ হাজার টাকা চাঁদা নেন চৌধুরী আলম। সব মিলিয়ে ২৩ কোটি ৯৩ লাখ ৭০ হাজার টাকা চাঁদা ওঠে; যা আসামিরা ২০০৩ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে নেয়। চাঁদা নেওয়ার ক্ষেত্রে চৌধুরী আলমের সহযোগী হিসেবে কাজ করেন অপর দুই আসামি।
গত বছরের ১ মে শাহবাগ থানায় এ মামলা দায়ের করা হয়। মামলাটির বিচার চলাকালে রাষ্ট্রপক্ষে মোট ৬১ জন সাক্ষ্য দেন।
রায়ের পর চৌধুরী আলমের আইনজীবী তাহমিনা আক্তার হাশমী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তারা এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমআই/১৮৪০ ঘ.
bdnews24