২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইন উপদেষ্টা সুস্থ হয়ে উঠছেন

আইন উপদেষ্টা এ এফ হাসান আরিফ খাগড়াছড়ি থেকে চট্টগ্রাম ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। চট্টগ্রামের একটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসার পর তিনি সুস্থ হয়ে উঠেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2008, 03:03 PM

Updated : 26 Aug 2022, 02:03 PM

চট্টগ্রাম, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আইন উপদেষ্টা এ এফ হাসান আরিফ খাগড়াছড়ি থেকে চট্টগ্রাম ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। চট্টগ্রামের একটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসার পর তিনি সুস্থ হয়ে উঠেছেন। উপদেষ্টা বর্তমানে চট্টগ্রাম সার্কিট হাউসে আছেন। শনিবার চট্টগ্রামে আঞ্চলিক সংলাপের দুই পর্বে অংশ নিতে পারবেন বলে তিনি জানিয়েছেন। শুক্রবার বিকেলে খাগড়াছড়িতে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সঙ্গে সংলাপের পর উপদেষ্টা চট্টগ্রাম ফিরছিলেন। বিকেল সাড়ে ৪টার দিকে তাকে বহনকারী গাড়ি মানিকছড়ির মহামুনি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে তিনি আহত হন। দুর্ঘটনায় আহত অপর তিন জন হলেন- উপদেষ্টার সহকারী একান্ত সচিব হামিদুর রহমান, গানম্যান আব্দুল খালেক (৪৫) ও গাড়ির চালক মো. ইব্রাহীম (৪৫)। এদের তিনজনকেই চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজে ভর্তি উপদেষ্টার সহকারী একান্ত সচিব হামিদুর রহমান সাংবাদিকদের জানান, খাগড়াছড়ি থেকে চট্টগ্রামে ফেরার পথে মানিকছড়ি উপজেলার মহামুনি এলাকায় বিকেল সাড়ে ৪টার দিকে উপদেষ্টাকে বহনকারী গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দশ ফুট নিচে খাদে পড়ে যায়। সে সময় বৃষ্টি হচ্ছিল। তিনি জানান, উপদেষ্টাদের গাড়ি বহরে থাকা পুলিশ ও স্থানীয় লোকজন এসে তাদের উদ্ধার করে। আহতদের দ্রুত মানিকছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের চট্টগ্রাম নিয়ে আসা হয়। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক কর্নেল একেএম ফরিদুজ্জামান সাংবাদিকদের বলেন, "উপদেষ্টা ও আহত অপর তিনজন আশংকামুক্ত। তারা সামান্য আঘাত পেয়েছেন।" আইন উপদেষ্টার আহত হওয়ার সংবাদ পেয়ে শিক্ষা ও বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান খাগড়াছড়ি থেকে মানিকছড়ি ছুটে যান। সন্ধ্যা সাতটায় আইন উপদেষ্টাকে বেসরকারি ক্লিনিক কার্ডিকেয়ারে নিয়ে যাওয়া হয়। সেখানে উপদেষ্টা হোসেন জিল্লুরের ছোট ভাই ডা. মহসীন জিল্লুুর তার স্বাস্থ্য পরীক্ষা করেন। চিকিৎসা শেষে উপদেষ্টা হেঁটে ক্লিনিক থেকে বের হয়ে সাংবাদিকদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং সার্কিট হাউসে চলে যান। ক্লিনিক ছেড়ে যাওয়ার সময় তিনি সাংবাদিকদের বলেন, "আমি সুস্থ আছি। সংলাপের দুই পর্বেই উপস্থিত থাকতে পারব।" দুর্ঘটনায় বড় ধরনের কিছু না হওয়ায় তিনি শুকরিয়া আদায় করেন এবং সংশ্লিষ্ট উদ্ধারকারী ও চিকিৎসদের ধন্যবাদ জানান। আইন ও শিক্ষা উপদেষ্টা ছাড়াও যোগাযোগ উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম কাদের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সঙ্গে প্রাক নির্বাচনী সংলাপে অংশ নিতে শুক্রবার খাগড়াছড়ি গিয়েছিলেন। শনিবার তাদের চট্টগ্রামে আঞ্চলিক সংলাপে অংশ নেওয়ার কথা রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএআর/ডিডি/এমএসবি/এমএইচবি/২০৫৫ ঘ.