ভোলা, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভিজিএফ কর্মসূচির আওতায় বিতরণের জন্য আসা চাল নিম্ন মানের হওয়ায় ভোলা জেলা প্রশাসন তা ফেরত পাঠিয়েছে।
একই দিন একই কারণে চাল গ্রহণ করেনি পটুয়াখালীর বাউফল উপজেলা প্রশাসন।
ভোলা জেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, ভিজিএফ'র আওতায় বিতরণের জন্য কয়েকদিন আগে যশোরের নওয়াপাড়া থেকে দুটি জাহাজে করে ৮৪৬ টন চাল আসে ভোলায়। বুধবার দুটি ইউনিয়নের সে চাল সরবরাহের সময় দেখা যায়, চালগুলো পচা ও খাওয়ার অযোগ্য। তখন ভোলা জেলা প্রশাসন ওই চাল ফেরত পাঠায়।
ভোলার জেলা প্রশাসক মো. বেলায়েত হোসেন সাংবাদিকদের বলেন, "চালগুলো পচা হওয়ায় তা গ্রহণ না করে ফেরত পাঠানো হয়েছে।"
তিনি আশা প্রকাশ করেন, আগামী ১৫ দিনের মধ্যে ভালো চাল আসবে। তখন আবার দুস্থদের মধ্যে তা বিতরণ শুরু হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২০৫৯ ঘ.
bdnews24