ঢাকা, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবৈধভাবে সম্পত্তি অর্জন এবং সম্পত্তির তথ্য গোপনের অপরাধে ওরিয়ন গ্রপের চেয়ারম্যান ওবায়দুল করিমকে ১৩ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। পলাতক এ ব্যবসায়ীর ৫০ কোটি টাকার সম্পদ বাজেয়াপ্ত করার আদেশও দেওয়া হয়েছে।
বুধবার সংসদ ভবনের বিশেষ জজ আদালত-৯ এর বিচারক খোন্দকার কামাল উজ্জামান এ রায় দেন।
রায়ে ১৩ বছর কারাদণ্ডের পাশাপাশি ওবায়দুল করিমকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ অর্থ দিতে ব্যর্থ হলে তাকে আরও এক বছর কারাভোগ করতে হবে।
ওবায়দুল করিমের আটক কিংবা আত্মসমর্পণের দিন থেকে সাজা কার্যকর হবে বলে রায়ে উল্লেখ করা হয়েছে।
আদালত ওবায়দুল করিমের অবৈধভাবে অর্জিত ৫০ কোটি ৯২ লাখ ৫ হাজার ৪৮০ টাকার সম্পত্তি রাষ্ট্র বরাবর বাজেয়াপ্ত করারও নির্দেশ দেয়।
করিমকে দুইটি ধারায় দেওয়া সাজার মধ্যে সম্পত্তির তথ্য গোপনের জন্য ৩ বছর এবং অবৈধভাবে সম্পত্তি অর্জনের জন্য ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। এ সাজা একটা শেষ হলে অন্যটা কার্যকর হবে। অর্থাৎ তাকে মোট ১৩ বছরের সাজা ভোগ করতে হবে।
গত বছরের ৮ অক্টোবর দুদক রমনা থানায় ওবায়দুল করিমসহ তিন জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।
এতে অভিযোগ করা হয়, ওবায়দুল করিম কমিশনে দাখিল করা সম্পত্তির হিসাব বিবরণীর বাইরে ৪৬ কোটি ২৮ লাখ ২৮ হাজার ৯৮০ টাকার সম্পত্তির তথ্য গোপন এবং অবৈধভাবে ৪ কোটি ৬৩ লাখ ৭৬ হাজার টাকার সম্পত্তি অর্জন করেছেন।
ওবায়দুল করিমের স্ত্রী আরজুদা করিম এবং ছেলে সালমান করিমের বিরুদ্ধে দুর্নীতিতে সহযোগিতার অভিযোগ আনা হলেও মামলার অভিযোগপত্রে তাদের নাম বাদ দেওয়া হয়।
রায় ঘোষণার সময় বিচারক কামাল উজ্জামান বলেন,"ওবায়দুল করিম দুদকের কাছে প্রায় দুই কোটি টাকার সম্পত্তির হিসাব দাখিল করেছিলেন। এর বাইরেও আইনের সুযোগ নিয়ে তিনি ৪০ কোটি কালো টাকা সাদা করেছেন।"
গত বছরের ২৭ ডিসেম্বর ওরিয়েন্টাল ব্যাংকের অর্থ আত্মসাতের দায়ে ওবায়দুল করিমকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এমএআর/এমআই/এসকে/১৭৩৪ঘ.
bdnews24