চট্টগ্রাম, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর চাক্তাই ও খাতুনগঞ্জ এলাকা থেকে মঙ্গলবার ৪০২ বস্তা ত্রাণের চাল উদ্ধার করেছে নগর গোয়েন্দা পুলিশ ও যৌথবাহিনীর সদস্যরা। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মঙ্গলবার সন্ধ্যায় তিনজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- কামাল উদ্দিন, জামাল উদ্দিন ও বাবুল চৌধুরী।
নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার নাইমুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে খাতুনগঞ্জের 'জাকের এন্টারপ্রাইজ'-এর একটি গুদামে ট্রাক থেকে নামানোর সময় ২০১ বস্তা চাল আটক করা হয়। একই সময় চাক্তাই চালপট্টি এলাকায় মোহাম্মদ মুছার গুদামে নিয়ে যাওয়ার সময় আটক করা হয় আরেকটি চালবোঝাই ট্রাক। এ ট্রাক থেকে উদ্ধার করা হয় ২০১ বস্তা চাল।
সহকারী কমিশনার বলেন, "অভিযানের খবর পেয়ে দুই গুদাম মালিকই পালিয়ে যায়। তাদের ধরার চেষ্টা চলছে।"
তিনি জানান, এই চাল তিন পার্বত্য জেলার জন্য ত্রাণ সাহায্য হিসেবে বরাদ্দ দেওয়া হয়েছিল।
কিছুদিন আগে দেশের দণিাঞ্চলে ঘূর্ণিঝড় দুর্গতদের জন্য পাকিস্তান সরকারের ত্রাণ সাহায্য হিসেবে চট্টগ্রাম বন্দর দিয়ে আসা চালের একাংশ খাবার অযোগ্য হিসেবে ধ্বংসের উদ্যোগ নেয় খাদ্য বিভাগ। প্রায় ২৫ কন্টেইনার চাল ধ্বংসের প্রক্রিয়া শুরু করার পর দেখা যায় ওই চাল আদৌ নষ্ট বা পচা নয়। পরে ওই চালের ২২শ বস্তা তিন পার্বত্য জেলার জন্য ত্রাণ সাহায্য হিসেবে বরাদ্দ দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/ডিডি/জেকে/০০৪০ ঘ.
bdnews24