সাভার, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভার ও রাজধানীর বিভিন্ন এলাকা থেকে সোমবার রাতে জাল টাকা সরবরাহকারী তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে এক লাখ ৪২ হাজার ৮শ' টাকার জাল নোট ও ২৪ হাজার টাকার আসল নোট। জাল নোটগুলোর মধ্যে আছে পাঁচশ' ও একশ' টাকার নোট।
গ্রেপ্তারকৃতরা হলেন- সাভারের কুড়গাঁও এলাকার আব্দুল মান্নান (৩৫), গাজীপুরের আব্দুর রাজ্জাক (২৯) ও বরিশালের হাবিবুর রহমান (৫০)। এ ব্যাপারে তিন থানায় পৃথক তিনটি মামলা হয়েছে।
র্যাব-৪ সাভার ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আরিফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় র্যাবের একটি দল সাভারের কুড়গাঁও এলাকায় অভিযান চালিয়ে আব্দুল মান্নানকে ৩১ হাজার টাকার জাল নোটসহ গ্রেপ্তার করে।
পরে মান্নানের স্বীকারোক্তি অনুযায়ী সোমবার গভীর রাতে রাজধানীর তেজগাঁও থানা এলাকার খেজুর বাগান মোড় থেকে হাবিবুর রহমানকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় এক লাখ ২ হাজার ৫শ' টাকার জাল নোট।
এরপর হাবিবুর রহমানের স্বীকারোক্তি অনুযায়ী ওইরাতেই বিমানবন্দর পুলিশ বক্সের সামন থেকে আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার করে। উদ্ধার করা হয় আরও ৯ হাজার ৩শ' টাকার জাল এবং ২৪ হাজার টাকার আসল নোট।
র্যাব কর্মকর্তা জানান, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানিয়েছেন কুড়গাঁও এলাকার মান্নানের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে তারা জাল টাকা সরবরাহ করতেন। এক লাখ টাকার জাল নোট তারা বিক্রি করতেন ২০ হাজার টাকা।
তিনি জানান, মঙ্গলবার দুপুরে গ্রেপ্তারকৃত আব্দুল মান্নানকে আশুলিয়া, আব্দুর রাজ্জাককে বিমানবন্দর ও হাবিবুর রহমানকে তেজগাঁও থানায় সোর্পদ করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮১১ ঘ.
bdnews24