২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যাজিস্ট্রেট না আসায় ফিরে গেলেন ব্র্যাক ব্যাংকের ক্ষতিগ্রস্ত গ্রাহকরা

অলঙ্কারসহ নিজেদের মূল্যবান সামগ্রী সনাক্ত করতে লকার ডাকাতির ঘটনায় ক্ষতিগ্রস্ত গ্রাহকদের সোমবার ঢাকা মহানগর গোয়েন্দা দপ্তরে ডেকেছিল ব্র্যাক ব্যাংক কর্তৃপক্ষ। কিন্তু ম্যাজিস্ট্রেট না আসায় দীর্ঘক্ষণ বসে থেকে চলে যেতে হয়েছে প্রায় ৫০ জন গ্রাহককে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2008, 01:57 PM

Updated : 26 Aug 2022, 02:01 PM

ঢাকা ,জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অলঙ্কারসহ নিজেদের মূল্যবান সামগ্রী সনাক্ত করতে লকার ডাকাতির ঘটনায় ক্ষতিগ্রস্ত গ্রাহকদের সোমবার ঢাকা মহানগর গোয়েন্দা দপ্তরে ডেকেছিল ব্র্যাক ব্যাংক কর্তৃপক্ষ। কিন্তু ম্যাজিস্ট্রেট না আসায় দীর্ঘক্ষণ বসে থেকে চলে যেতে হয়েছে প্রায় ৫০ জন গ্রাহককে। গত ৬ জানুয়ারি ব্র্যাক ব্যাংকের ধানমন্ডি শাখার স্ট্রং রুম থেকে ৬০টি লকার লুটের ঘটনা প্রকাশ পায়। পরে বিভিন্ন সময় প্রায় ৫০০ ভরি স্বর্ণালঙ্কার উদ্ধার করে পুলিশ। ক্ষতিগ্রস্ত গ্রাহক রাবেত খান সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ব্যাংক কর্তৃপক্ষ আমাদের চিঠি দিয়ে দুপুর ২টায় ঢাকা মহানগর গোয়েন্দা দপ্তরে আসতে বলেছিল। একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে উদ্ধার করা মালামাল সনাক্ত করার কথা ছিল আমাদের।" তিনি জানান, চিঠি পেয়ে প্রায় ৫০ জন গ্রাহক নিজেদের মালামাল সনাক্ত করতে যান। প্রায় দুই ঘণ্টা অপেক্ষা করার পর পুলিশ কর্মকর্তা নাসির উদ্দিন তাদের জানান, ম্যাজিস্ট্রেট শাহিনুর রহমান অসুস্থ। তিনি আসতে পারবেন না। গোয়েন্দা দপ্তরে উপস্থিত ব্র্যাক ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট আবেদুর রহমান শিকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "উদ্ধার হওয়া স্বর্ণালঙ্কারগুলো প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট শাহিনুর রহমানের উপস্থিতিতে গ্রাহকদের দেখানোর কথা ছিল। কিন্তু ম্যাজিস্ট্রেট না আসায় তা সম্ভব হয়নি। গ্রাহকদের পরে আবার ডাকা হবে।" গত ৪ অথবা ৫ জানুয়ারি দিন বা রাতের কোনো এক সময় রাজধানীর শুক্রাবাদে হোটেল নিদ মহলের তৃতীয় তলার একটি কক্ষের মেঝে কেটে ব্যাংকের স্ট্রং রুমে ঢোকে ডাকাতরা। ব্যাংকের ৭৫টি লকারের মধ্যে ৬০টির মালামাল লুটে নেয় তারা। ৬ জানুয়ারি সকালে বিষয়টি ব্যাংক কর্তৃপক্ষের নজরে আসে। পরে বিভিন্ন সময় প্রায় ৫০০ ভরি স্বর্ণালঙ্কারসহ মোট ২৩ জনকে গ্রেপ্তার করে পুলিশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জেকে/এমএ/১৯৫৭ ঘ.