ঢাকা, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর লালবাগ এলাকা থেকে রোববার রমজান আলী (২১) এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
তাকে ছুরিকাঘাতে এবং পায়ের রগ কেটে হত্যা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। জুতা কারখানার শ্রমিক রমজান লালবাগের পোস্তার ৮০ ওয়াটার ওয়াক্স রোডের মো. বদরুজ্জামানের ছেলে।
এলাকাবাসীর কাছে খবর পেয়ে সকাল ৭টার দিকে আরএনজি রোডের একটি পরিত্যক্ত বাড়ি থেকে রমজানের লাশ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন লালবাগ থানার উপ-পরিদর্শক শরিফুল ইসলাম।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নিহতের দুই পায়ের রগ কাটা ছিল। পেটেও ছুরিকাঘাত করা হয়েছে। এছাড়া ডান ও বাম পাঁজরেও ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন আছে।"
ময়নাতদন্তের জন্য লাশটি মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে ওই পুলিশ কর্মকর্তা জানান।
রমজানের বড় ভাই আলমগীর হোসেন সাংবাদিকদের জানান, রমজান দীর্ঘদিন ধরে ইসলামবাগের একটি জুতা কারখানায় কাজ করতো। এক সপ্তাহ আগে সে চাকরি ছেড়ে দেয়। শনিবার রাত ৯টার দিকে সে বাসা থেকে বেরিয়ে যায়।
রমজানের বাবা মো. বদরুজ্জামান বাদি হয়ে অজ্ঞাত ব্যাক্তিদের আসামি করে লালবাগ থানায় একটি মামলা করেছেন। উপ-পরিদর্শক শরিফুল ইসলামকে মামলা তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।
শরিফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রমজানকে কী কারণে হত্যা করা হয়েছে, তা এ মুহূর্তে বলা যাচ্ছে না। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএস/এমআই/১৭৪১ ঘ.
bdnews24