ঢাকা, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--স্থানীয় সরকার নির্বাচন করতে নির্বাচন কমিশনের কোনও সাংবিধানিক বাধা নেই বলে মন্তব্য করেছেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।
রোববার বেইলী রোডের নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ড. কামাল এ কথা বলেন।
তিনি বলেন, "আমি মনে করি এই নির্বাচন কমিশনের স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের সাংবিধানিক কোন বাধা নেই। জনগণ স্থানীয় নির্বাচন চায়। তারা যা চায় আমরাও তাই চাচ্ছি।"
স্থানীয় সরকার নির্বাচনে গণফোরামের অংশ গ্রহণ সম্পর্কে কামাল বলেন, "আমাদের কার্যনির্বাহী পরিষদের বৈঠকে এ বিষয়ে ঠিক করা হবে।"
সংবাদ সম্মেলনে দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এ্যাডভোকেট সুব্রত চৌধুরী ড. কামাল হোসেনের উদ্ধৃতি টেনে বলেন, সংবিধানের ১১৯ অনুচ্ছেদ ও এর ১, ২ উপ-অনুচ্ছেদের মতাবলে নির্বাচন কমিশনের স্থানীয় নির্বাচন করতে বিন্দুমাত্র বাধা নেই।
ড. কামাল অভিযোগ করে বলেন, যারা এতদিন লুটপাট করছে তারাই এখন আবার সবাই মিলে চেষ্টা করছে দেশটা দখল করতে। জনগণের মধ্যে তারা বিভেদ সৃষ্টি করছে।
রাজনৈতিক দুর্বৃত্তয়ান বন্ধ করতে প্রয়োজনে জীবন দেবেন বলেও অঙ্গীকার করেন কামাল হোসেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউএ/আরএ/জিএনএ/১৪৪৯ ঘ.
bdnews24